- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে বালু খেকোদের মারপিটে আহত এক

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে নদী তীর কেটে বালু উত্তোলনে বাধা দেয়ায় বালু খেকোদের বেধড়ক মারপিটে বাদল মিয়া (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আহত বাদল মিয়া তাহিরপুর উপজেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি উপজেলার বালিজুড়ি ইউনিয়নের মাহতাবপুর গড়ের ঘাট গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী ও আহত বাদল মিয়ার আপন ভাই আনোয়ার হোসেন জানান, শুক্রবার রাত ৮টায় বালিজুড়ি ইউনিয়নের দক্ষিণকূল গ্রামের মিল্লাদ, দিলোয়ার হোসেন, লিটন মিয়া, নাজিম, কাজল, ধন মিয়া, আতাউর রহমান ফুল মিয়া, পিরিজপুর গ্রামের একরাম হোসেন ও মাহতাবপুর গড়েরঘাট গ্রামের মনতাজ মিয়া যাদুকাটা নদী সংলগ্ন বৌলাই নদী তীরে কয়েকটি নৌকা ভিড়িয়ে তীর কেটে বালু উত্তোলন করে নৌকা ভরাট করতে থাকে। এ অবস্থায় তার ভাই বাদল মিয়া বাধা নিষেধ করেন। এসময় বালু খোকোরা চরম উত্তেজিত হয়ে ফাজিলপুর নৌকাঘাটের উত্তর পাড়ে ধানের জমিতে ফেলে লাটিসোটা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এ ঘটনায় আহত বাদল মিয়া বাদী হয়ে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ(তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, এ ধরনের একটি ঘটনা আমি শুনেছি। বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • [১]