স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর সীমান্তে ২৮ বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়ান অধিনায়কের মতমিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার লাউড়েরগড় সীমান্তে সম্প্রতি সংঘটিত অনাকাংখিত দুর্ঘটনার প্রেক্ষিতে হজরত শাহ আরেফিন(রহঃ)’র আস্থানায় স্থানীয় জনগণ, জন প্রতিনিধি ও প্রশাসনের উপস্থিতিতে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল নাসিরউদ্দিন পিএসসি বলেন, সীমান্তের জনগণের সাথে বিজিবি’র যথেষ্ট আন্তরিকতা
থাকা সত্বেও সীমান্ত এলাকা কিছু অসাধু চোরাচালানী ভারতের তারকাটার বেড়া অতিক্রম করে ভারত হতে পশু চোরাচালানের সাথে জড়িত হয়ে বিজিবি’র ভাবমূর্তিকে ভারতের কাছে হেয় করছে। পশু পাচারের সময় বিএসএফ এর হাতে কখনো গুলিবিদ্ব হয়ে প্রাণ হারিয়েছে চোরাচানকারীরা কখনো আটক হয়ে ভারতের জেল হাজতে রয়েছে। কিন্তু ভারত হতে মাদক আনতে গিয়ে কোন চোরাচালানী আটক হওয়ার সংবাদ খুবই কম, কারণ মাদক দ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলেও ভারতের কোন প্রকার মাথা ব্যথা নেই। তাই সীমান্তে মাদক দ্রব্য ও পশু চোরাচালান প্রতিরোধে বিজিবিকে জনগণ, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা সহয়োগিতা করলে ক্রমান্বয়ে সীমান্তের চোরাচালান বন্ধ হয়ে যাবে বলে তিনি মনে করেন। এছাড়া যাদুকাটা নদী দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে পাথর ও কয়লা কুড়ানোর বিষয়েও এলাকাবাসীর সাথে মুক্ত আলোচনা করেন তিনি ।
এলাকাবাসীর পক্ষে আলোচনা করেন সাবেক ইউপি চেয়ারম্যান নিজামউদ্দিন, উপজেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আলম সাব্বির, ইউপি সদস্য মস্তফা মিয়া, আওয়ামী নেতা নুরুল ইসলাম ও ইমরান হাসান উজ্জল প্রমুখ।