- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে বিদ্যালয়ের জায়গা দখল করে দোকানকোটা নির্মাণের অভিযোগ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে বিদ্যালয়ের জায়গা দখল করে দোকানকোটা নির্মাণের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট দাখিল করেছেন উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মন্দিয়াতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সান্জু মিয়া।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, চলতি অর্থ বছরে এলজিএসপি কর্তৃক মন্দিয়াতা গ্রামে হাওরপারের কৃষকদের ফসল ওঠা-নামার সুবিধার্থে সাড়ে ৪ লক্ষ টাকা ব্যয়ে একটি সিঁড়িযুক্ত ঘাটলা বরাদ্দ দেয়া হয়। বরাদ্দ পান উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাজিনুর মিয়া। সাজিনুর মিয়া গ্রামের প্রভাবশালী ব্যক্তি আলী রেজা, সাইফুল ইসলাম, শাহ আলমকে নিয়ে বরাদ্দকৃত টাকা প্রকল্পের নির্দিষ্ট স্থানে ব্যয় না করে মন্দিয়াতা বিদ্যালয়ের পতিত ভূমিতে বালি ও মাটি ভরাট করে দোকান পাট নির্মাণের অপচেষ্টা শুরু করেছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এসএমসির লোকজন তাদেরকে মৌখিকভাবে বাধা নিষেধ দিলে পাল্টা বিদ্যালয় কর্র্তৃপক্ষকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন। এরই প্রেক্ষিতে বিদ্যালয়ের সম্পদ রক্ষার্থে প্রধান শিক্ষক ঘটনাটি তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারকে লিখিতভাবে অবহিত করেন।
শ্রীপুর উত্তর ইউনিযন পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাজিনুর মিয়া বলেন, ‘আমি কোন সরকারী জায়গা দখল করার চেষ্টা করছি না।’ বিদ্যালয়ের জায়গায় কেন আপনি বালি ভরাট করছেন এমন প্রশ্নের জবাবে তিনি কোন সদুত্তর দিতে পারেন নি।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পূর্ণেন্দু দেব অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • [১]