তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে বিদ্যুতের মেইন লাইনে জড়িয়ে শাহজাহান মিয়া (১২) নামের ৫ম শ্রেণীর এক মেধাবী ছাত্রের করুণ মৃত্যু হয়েছে। সে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কামারকান্দি গ্রামের মহিম উদ্দিনের পুত্র । শাহাজাহান কামারকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর মেধাবী ছাত্র ছিল । তার মৃত্যুতে স্কুলের সহপাঠীসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ২টায় ৩০ মিনিটে শাজাহান মিয়া তার এক সহপাঠীকে নিয়ে কামারকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাদে উঠে। ছাদে উঠার পর দুই বন্ধু প্রতিযোগিতা দিয়ে ছাদের সঙ্গে থাকা বিদ্যুতের খুঁটি বেয়ে ১১ হাজার ভোল্টের মেইন লাইনে জড়িয়ে পরে। পরে স্থানীয়রা শাজাহানকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সুহেল পারভেজ জানান, দুই বন্ধু প্রতিযোগিতা করতে গিয়ে খুঁটি বেয়ে মেইন লাইনে ঝুলে পড়লে শাহজাহানের মৃত্যু হয়েছে।