স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরের ৭টি ইউনিয়নে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে প্রার্থীদের সাঁটানো নির্বাচনী পোস্টার। এলাকার বিভিন্ন সড়কে,পাড়া-মহল্লার অলিগলিতে ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। এতে দ্বিগুণ খরচের মুখে পড়েছেন নির্বাচনে অংশগ্রহনকারী ইউপি চেয়ারম্যান,ইউপি সদস্য ও সংরক্ষিত আসনের মহিলা সদস্যা প্রার্থীরা। পাশাপাশি তারা নির্বাচনী প্রচারনায় বিঘœতায় পড়েছেন।
আগামী ৭ই ফেব্রুয়ারি তাহিরপুর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতীক বরাদ্দের সঙ্গে সঙ্গেই প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন সড়কে,পাড়া-মহল্লার অলিগলিতে সাঁটানো ছিল প্রার্থীদের নির্বাচনী পোস্টার। সর্বত্রই ছেয়ে গিয়েছিল নির্বাচনী পোস্টারে।
এরই মধ্যে গত বৃহস্পতিবার রাত থেকে তাহিরপুরের বিভিন্ন ইউনিয়নে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বৃহস্পতিবার রাত থেকে শুরু করে শুক্রবার রাতভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে নষ্ট হয়ে যায় এসব নির্বাচনী পোস্টার। বৃষ্টিপাতের ফলে বিভিন্ন সড়কে, পাড়া-মহল্লার অলিগলিতে চিকন রশি দিয়ে সাঁটানো অসংখ্য এসব পোস্টার ছিড়ে পড়েছে,রয়েছে শুধু রশি। নির্বাচনী প্রার্থীদের কর্মীরা জানান, পোস্টারগুলো নষ্ট হয়ে যাওয়ায় আবার তাদের পোস্টার লাগাতে হবে। এতে দ্বিগুণ খরচ করতে হবে তাদের।
এদিকে দু’দিন দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ফলে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণায় বিঘœতা সৃষ্টি হয়। বৃষ্টিপাতের ফলে তুলনামূলক প্রচারণী তৎপরতা কম থাকলেও অনেকে ছাতা হাতে নিয়ে বেরিয়েছে প্রচার-প্রচারণায়।
তাহিরপুর সদর ইউনিয়নের নৌকা প্রতীকের প্রচারনাকারী সেলিম আখঞ্জি বলেন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে তাদের সাটানো নির্বাচনী সকল পোষ্টার খসে পড়ে যায়। এখন তারা আবার নতুন করে পোষ্টার সাঁটাবেন। এতে করে তারা দ্বিগুন খরচের মূখে পড়েছেন।
বাদাঘাট ইউনিয়নের ঘোড়া প্রতীকের সমর্থক ও প্রচারনাকারী শামীম আহমদ বলেন, বৃষ্টিতে তাদের ইউনিয়নের সকল পোষ্টার খসে মাটিতে পড়ে যায়। এখন তারা প্রেসে নতুন পোষ্টার ছাপানোর জন্য যোগাযোগ করছেন।
উত্তর শ্রীপুর ইউনিয়নের চশমা প্রতীকের প্রার্থী আলী হায়দার বলেন, বৃষ্টিতে তার সকল পোষ্টার নষ্ট হয়ে গেছে। এখন তিনি নতুন পোষ্টার সাটানোর জন্য লোক লাগিয়েছেন।