আমিনুল ইসলাম, তাহিরপুর
আগামী ৪ জুন তাহিরপুর উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৫০ জন প্রার্থী মনোনয়ন দাখিলের পর বাছাই শেষে মাঠ পর্যায়ে তারা কাজ করছেন।
৭ ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপির বিদ্রোহী প্রার্থীদের নিয়ে চরম বেকায়দায় পড়েছে দলীয় প্রার্থীরা। সাধারণ ভোটারদের ধারনা উপজেলার ৭ টি ইউনিয়নের মধ্যে দু’একটি ইউনিয়নে জয়ী হয়ে বেরিয়ে আসতে পারেন বিদ্রোহী প্রার্থী।
তাহিরপুর সদর ইউনিয়নে মোতাহার হোসেন আখঞ্জি শামীম দলীয় প্রতীক নৌকা পেলেও দলের বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ইকবাল হোসেন তালুকদার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক স্বপন কুমার দাশ ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক হাফিজ উদ্দিন।
বালিজুরী ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আতাউর রহমান দলীয় মনোনয়ন নৌকা পেলেও বিদ্রোহী হয়েছেন উপজেলা আওয়ামী লীগ উপদেষ্টামন্ডলীর সদস্য আব্দুল জহুর তালুকদার।
বাদাঘাট ইউনিয়নে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন কিন্তু বিদ্রোহী প্রার্থী হিসেবে রয়েছেন যুবলীগ নেতা আফতাব উদ্দিন ও মোর্শেদ আলম।
উত্তর শ্রীপুরে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খাঁন কিন্তু বিদ্রোহী প্রার্থী হয়েছেন উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আমীর আলী ও জয়দর আলী।
উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন নৌকা প্রতীক পেলেও বিদ্রোহী হয়েছেন ইউনিয়ন যুবলীগ যুগ্ম আহবায়ক মাশুক মিয়া।
দক্ষিণ বড়দল ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ইউনুছ মিয়া দলীয় মনোনয়ন নৌকা পেলেও বিদ্রেহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুছ ছাত্তার।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক বিশ^জিত সরকার দলীয় প্রতীক নৌকা পেলেও বিদ্রোহী হয়েছেন ইউনিয়ন যুবলীগ যুগ্ম আহবায়ক কয়েছ মিয়া।
অপরদিকে বালিজুরী ইউনিয়নে উপজেলা শ্রমিকদল আহবায়ক ফেরদৌস আলম বিএনপির দলীয় মনোনয়ন ধানের শীষ পেলেও বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন।
দক্ষিণ বড়দল ইউনিয়নে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য আজহার আলী দলীয় মনোনয়ন ধানের শীষ পেলেও বিদ্রোহী হয়েছেন বিএনপি নেতা আবুল কালাম আজাদ,সবুজ আলম,ইলিয়াস আলী, বোরহান উদ্দিন, আব্দুস সালাম।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে বিএনপি নেতা আলী আহমদ মুরাদ দলীয় প্রতীক ধানের শীষ পেলেও বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন বিএনপি সভাপতি শামীম আহমেদ।
তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় প্রার্থী মোতাহের হোসেন আখঞ্জি শামীম বলেন,‘ মনোনয়ন পাওয়ার পূর্বে আমার ওয়াদা ছিল, যিনি দলীয় প্রতীক নিয়ে আসবেন আমি তার সাথে কাজ করবো। বিদ্রোহীরা একই কথা বলেছিলেন, কিন্তু তারা কথা রাখেন নি।
দক্ষিণ বড়দল ইউনিয়ন বিএনপির বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান সবুজ আলম বলেন,‘দল আমাকে মূল্যায়ন করে নাই কিন্তু এলাকার সাধারণ জনগণের দাবির মুখে আমি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়েছি।’
বিএনপির বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে তাহিরপুর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম বলেন,‘প্রার্থীতা এখনো চূড়ান্ত হয়নি। প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করে পরবর্তীতে দলীয় সিদ্বান্ত নেয়া হবে।’
তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অমল কান্তি কর বলেন,‘আমরা দলের পক্ষ থেকে বিদ্রোহী প্রার্থীদের অনুরোধ জানাবো নির্বাচন না করার জন্য। তার পরেও যদি কেউ নির্বাচন করেন তাহলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে।’