- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে ব্যবসায়ীকে গাছে বেঁধে নির্যাতন-অপরাধীদের গ্রেফতার দাবি এমপি রতনের

বাদাঘাট সংবাদদাতা
সন্ত্রাসীদের স্থান আওয়ামী লীগে হবে না, সন্ত্রাসী যে দলেরই হোক না কেন, যত প্রভাবশালী হোক না কেন তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য তাহিরপুর থানার পুলিশকে অনুরোধ করলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এমপি।
তাহিরপুরের বাদাঘাটে শনিবার বিকেলে খাদ্য কর্মসূচির উদ্বোধনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে শুক্রবার কয়লা ব্যবসায়ী রহমত আলী (৫৫) কে গাছে বেঁেধ নির্যাতনকারী ইউনিয়ন আ.লীগ নেতা কামড়াবন্দ গ্রামের তাহের মিয়া ও তার ছেলে ইউনিয়ন ছাত্রলীগকর্মী তোফাজ্জল হোসেনসহ সকলকে দ্রুত গ্রেফতার করতে পুলিশকে অনুরোধ করেন তিনি।
স্থানীয়রা জানিয়েছেন, শনিবার বিকালে সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, থানার ওসি মো. শহীদুল্লাহ, ব্যবসায়ী, দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে মামলার পলাতক আসামী হওয়া সত্বেও অভিযুক্ত তোফাজ্জল হোসেন ছাত্রলীগের ব্যানারে মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন।
সমাবেশে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, মঞ্চের ডান পাশে বেলা আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত তোফাজ্জল সমাবেশ স্থলে অবস্থান করে। তার উপস্থিতির বিষয়টি সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন ও পুলিশকে বিব্রতকর অবস্থায় ফেলে। এক পর্যায়ে থানার ওসি তাকে গ্রেফতারের নির্দেশ দিলেও বাদাঘাট পুলিশ ফাঁড়ির এক পুলিশ কর্মকর্তার ইশারায় কৌশলে তোফাজ্জল গ্রেফতার এড়াতে সমাবেশ স্থল থেকে সটকে পড়েন।       
উল্লেখ্য, শুক্রবার সকালে বাদাঘাট বাজারের নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে পৈলনপুর গ্রামের মৃত জব্বর আলীর ছেলে রহমত আলীকে বাজারের পার্শ্ববর্তী কামরাবন্দ গ্রামের তাহের মিয়ার ছেলে ইউনিয়ন ছাত্রলীগ কর্মী তোফাজ্জল হোসেনের নেতৃত্বে ১০-১৫ জন লোক অস্ত্রের মুখে রহমত আলীকে অপহরণ করে গাছের সঙ্গে বেঁধে রেখে অমানুষিক নির্যাতন চালানো হয়।

  • [১]