- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে ভন্ড প্রেমিককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে প্রেমিকা

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে বখাটে ভন্ড প্রেমিককে প্রকাশ্যে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে তারই প্রেমিকা। ভন্ড প্রেমিকের নাম নসাবজল হোসাইন। সে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের
 দুধের আউটা গ্রামের পিয়ার আলীর ছেলে। আর এই ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্তবর্তী টেকেরঘাট খনিপ্রকল্প এলাকায়। একাধিক মুঠোফোনের সিম ব্যবহার করে কিশোরী পটানোর কারিগর ওই বখাটে ভন্ড প্রেমিক শেষ পর্যন্ত মুচলেকা দিয়ে সাজার হাত থেকে রক্ষা পাওয়ায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বখাটে ভন্ড প্রেমিক সাবজল হোসাইন দীর্ঘদিন ধরেই মোবাইল ফোনে একাধিক সিম ব্যবহার করে এলাকার কিশোরী মেয়েদের সঙ্গে কখনও সাংবাদিক, কখনও কয়লা ব্যবসায়ী হিসাবে নিজেকে পরিচয় দিয়ে প্রেমের নামে প্রতারণা করে আসছে। শ্রীপুর উত্তর ইউনিয়নের এক অপ্রাপ্ত কিশোরী মেয়ের সঙ্গে মোবাইল ফোনে প্রেম করে সোমবার বিকালে তার সঙ্গে দেখার করার কথা বলে সীমান্তবর্তী টেকেরঘাট খনিপ্রকল্প এলাকায় নিয়ে আসে। কিশোরী বিয়ের প্রস্তাব দিলে ভন্ড প্রেমিক সাবজাল প্রত্যাখ্যান করে পালাতে চেষ্টা করে। এসময় কিশোরী প্রেমিকা স্থানীয় জনতার সহায়তায় তাকে উত্তম-মাধ্যম দিয়ে পুলিশের কাছে সোপার্দ করে।
পুলিশ সোমবার মধ্যরাতে টেকেরঘাট রেস্ট হাউসে টাঙ্গুয়ার হাওরের নিরাপত্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে বখাটে ভন্ড প্রেমিক শাবজলকে হাজির করলে সে নিজে এবং তার অভিভাবকরা ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ড করবে না বলে মুচলেকা দিয়ে সাজার হাত থেকে রক্ষা পায়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্টেট দীপঙ্কর তংচঙ্গা বলেন,‘জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ভবিষ্যতে শাবজল এ ধরনের কর্মকান্ড করবে না বলে মুচলেকা দিয়েছে। মুচলেকা দেয়ার পর তাকে ছেড়ে দেয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, ভন্ড প্রেমিক সাবজল হোসাইন সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন সময় প্রিন্ট ও ইলেকট্রনিক্স ও অনলাইন পত্রিকার নাম ব্যবহার করে মানুষদের ভয় দেখিয়ে  চাঁদা নিতে গিয়ে গত কিছুদিন আগেও স্থানীয় জনতা গণধোলাই দিয়ে বিজিবি কাছে সোপার্দ করেছিল।

  • [১]