তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কয়লা, চিনিসহ একটি স্টিল বডি নৌকা জব্দ করেছে বর্ডারগার্ড বিজিবি।
জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে বালিয়াঘাট বিওপির একটি টহল দল সীমান্তবর্তী দুধের আউটা গ্রামের সামনের পাটলাই নদী থেকে অবৈধভাবে নিয়ে আসা ১১শ’ কেজি ভারতীয় কয়লা এবং ইঞ্জিন সহ একটি স্টিল বডি নৌকা আটক করে।
এইদিকে রবিবার (৪ এপ্রিল) একই বিওপির টহলদল লাকমা সীমান্তের পশ্চিম লাকমা নামক স্থান থেকে ১৫শ’ কেজি ভারতীয় কয়লা জব্দ করে। অপরদিকে টেকেরঘাট বিওপির টহল দল একই দিনে টেকেরঘাট থেকে ১৩শ’ কেজি ভারতীয় কয়লা জব্দ করে এবং মাটিরাবন বিওপির টহল দল মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের গিলাগড়া থেকে ৮৫ কেজি ভারতীয় চিনি জব্দ করে।
সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত ভারতীয় কয়লা, স্টিল বডি নৌকা এবং চিনি সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, চৌরাচালান প্রতিরোধে সীমান্তে বিজিবি সর্তক অবস্থানে রয়েছে।