স্টাফ রিপের্টার, তাহিরপুর
তাহিরপুর সদর ইউনিয়নে ভিজিএফ কার্ডধারীদের নিকট থেকে চাল পরিবহনের খরচ বাবদ ১৫ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ বিষয়ে স্থানীয়রা তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করেছেন। পরে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পূর্নেন্দু দেব এর হস্তক্ষেপে টাকা আদায় করা বন্ধ করা হয় এবং যাদের নিকট থেকে টাকা আদায় করা হয়েছে তাদের টাকা তাৎক্ষণিক ফেরৎ দেয়া হয়।
জানা যায়, সোমবার তাহিরপুর উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের অক্টোবর মাসের ভিজিএফের ৩০ কেজি চাল ও ৫শ’ টাকা করে বিতরণ কার্যক্রম চলছিল। এ সকল মালামালের বিপরীতে ভিজিএফ কার্ডধারীদের নিকট থেকে ইউনিয়ন পরিষদের লোকজন মালামাল পরিবহন খরচ বাবদ ১৫ টাকা করে আদায় করছিলেন।
ভিজিএফ কার্ডধারীদের নিকট থেকে ১৫ টাকা করে আদায়ের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের কোন নির্দেশনা বা পত্র আছে কিনা জানতে চাইলে তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ সচিব গুলেনূর মিয়া বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের কোন নির্দেশনা পাইনি। এটা পরিষদে আলোচনা করেই করা হয়েছে।
তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য কামাল হোসেন বলেন, ভিজিএফ কার্ডধারীরা পরিবহন খরচ বাবৎ ১৫ টাকা করে স্বেচ্ছায় দিয়েছে। পরবর্তীতে ইউএনও স্যার নিষেধ করায় তা আমরা বন্ধ করে দিয়েছি।
তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন বলেন, ভিজিএফ কর্মসূচীর খাদ্য ও নগদ টাকা সহায়তা কর্মসূচীর চাল উপজেলা খাদ্য গোদাম থেকে সদর ইউনিয়ন পরিষদ পর্যন্ত পরিবহনে প্রতি মাসে খরচ হয় ৪০ থেকে ৪২ হাজার টাকা। পরিবহনের এই টাকা প্রতি মাসেই আমার পকেট থেকে পরিশোধ করতে হয়। খরচ বাবদ যারা ১৫ টাকা করে দিয়েছে তারা সবাই মালামাল গ্রহণের সময় স্বেচ্ছায় দিয়েছে। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মহোদয় বিষয়টিতে আপত্তি করলে আদায় করা সব টাকাই ফেরৎ দেয় হয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পূর্ণেন্দু দেব বলেন, ভিজিএফ কার্ডধারীদের অভিযোগের প্রেক্ষিতে আমি তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদে গিয়ে ১৫ টাকা করে আদায়ের বিষয়ে সত্যতা পাই। পরবর্তীতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে নিষেধ করেছি কোন টাকা আদায় করা যাবে না। যাদের নিকট থেকে টাকা নেয়া হয়েছে তাদের সবাইকে ফেরৎ দেয়া হয়েছে।