- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু চিকিৎসক আটক

আমিনুল ইসলাম, তাহিরপুর
তাহিরপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আটককৃত চিকিৎসক হলেন, ডা. মনির হোসেন ডি.এম.এফ, তাঁর রেজি নং-৮৫০০। তিনি তাহিরপুর বাজারে সোনিয়া ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টর চেম্বারস এ কর্মরত চিকিৎসক। নিহত রোগী লাকী বেগম (৩০) উপজেলা সদরের ভাটি তাহিরপুর গ্রামের মোহাইমিন মিয়ার স্ত্রী।
তাহিরপুর থানা পুলিশ ও নিহতের আত্মীয় স্বজনের সূত্রে জানা যায়, লাকী বেগম শুক্রবার দুপুরে হঠাৎ করে পেটে তীব্র ব্যাথা অনুভব করলে চিকিৎসার জন্য তার স্বামী মোহাইমিন মিয়া নিয়ে আসেন সোনিয়া ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টর চেম্বার্সে। সেখানে কর্মরত চিকিৎসক মনির হোসেন তাকে দ্রুত ব্যথা নাশক ইনজেকশন দেন। ইনজেকশন পুশ করার পর রোগীর অবস্থা আরও আশঙ্কাজনক হলে তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের      
 মেডিকেল অফিসার মির্জা রিয়াদ হাসান তার মৃত্যু নিশ্চিত করেন। ঘটনার সংবাদ পাওয়ার পর তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে আসে।
অভিযোগ রয়েছে সোনিয়া ডায়াগনস্টিক সেন্টর এন্ড ডক্টর চেম্বার্সে নামমাত্র ডাক্তার দিয়ে চিকিৎসা সেবা দিয়ে আসছেন ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে । যে কারণে ভুল চিকিৎসায় শুক্রবার লাকী বেগমের মৃত্যু ঘটে।
এ ঘটনায় ডা. মনির হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তাহিরপুর থানায় আটক করা হয় এবং লাকী বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে বলে নিশ্চিত করেন তাহিরপুর থানার অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর।
সোনিয়া ডায়াগনস্টিক সেন্টর এন্ড ডক্টর চেম্বারর্স এর পরিচালক মনিরুজ্জামান মনির বলেন,‘ আমাদের প্রতিষ্ঠানের ডাক্তার মনির হোসনে শুধূমাত্র ব্যথানাশক ইনজেকশন দিয়েছিল। এর বেশী আমার জানা নেই।’

  • [১]