তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে এক যুবকের পায়ুপথে মদের বোতল ঢুকিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। ওই যুবক তাহিরপুর উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের লাউড়েরগড় গ্রামের বাসিন্দা। আশংকাজনক অবস্থায় ওই যুবককে সোমবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশনের মাধ্যমে কাচের বোতল বের করা হয়েছে। তবে বুধবার সন্ধা পর্যন্ত তার অবস্থা শংকামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক ।
জানা যায়, রোববার রাতে তাহিরপুর সীমান্তের লাউড়েরগড় বাজার থেকে বাড়ি ফিরছিলেন ওই যুবক। পথে একদল মাতাল সংঘবদ্ধ হয়ে সড়কে তাকে জোরপূর্বক বিবস্ত্র করে পায়ুপথে ভারতীয় অফিসার্স চয়েজ মদের কাঁচের বোতল ঢুকিয়ে দেয়। সংজ্ঞাহীন অবস্থায় সড়কে পড়ে থাকতে দেখে পথচারী ও পরিবারের লোকজন রাতেই আহত ওই যুবককে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। এক্স-রে করার পর পায়ুপথে বোতল থাকার বিষয়টি নিশ্চিত হয়ে কর্তব্যরত চিকিৎসক সোমবার রাতে তাকে সিলেট এমএমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সোমবার গভীর রাতে তলপেটে অপারেশনের মাধ্যমে কাঁচের বোতল বের করে আনতে সক্ষম হন চিকিৎসকরা।
ওই যুবকের পরিবার জানায়, একদল মাতাল তাকে হত্যার উদ্দেশ্যে পায়ুপথে মদের কাঁচের বোতল ঢুকিয়ে দিয়েছিল। অপারেশনের পর বোতল বের করে আনা হলেও শংকামুক্ত নয় সে।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর জানান, এ বিষয়ে থানায় কেউ অবগত করেনি বা এখনও থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করেনি। এমন জঘন্য ঘটনা ঘটে থাকলে অবশ্যই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।