তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে পূর্ব শত্রুতার জের ধরে সুফিয়া বেগম (৪০) নামে এক নারীকে রাতের আঁধারে দারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তার মেয়ে স্বপ্না বেগম (১৯) ও ছেলে কাউসার মিয়া (১৮) আহত হয়েছে। গুরুতর আহত সুফিয়া বেগম বেগম মুমূর্ষু অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও স্বপ্না বেগম ও কাউসার মিয়া কে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মঙ্গলবার মধ্য রাতে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ব্রাক্ষণগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা যায়, উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ব্রাক্ষণগাঁও গ্রামের জয়নাল মিয়ার সঙ্গে গেল ইউপি নির্বাচনকে কেন্দ্র করে একই গ্রামের আজিজুল ইসলাম ও জুয়েল মিয়া গংদের সঙ্গে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ২৮ মে বিকাল ৪টার দিকে আজিজুল ইসলাম ও জুয়েল মিয়ার লোকজন জয়নাল মিয়াকে বাজারে একা পেয়ে মারপিট করে। একই ঘটনার জের ধরে মঙ্গলবার দিবাগত মধ্য রাতে আজিজুল ইসলাম, জুয়েল মিয়া সহ তাদের সঙ্গীরা জয়নাল মিয়ার বাড়িতে এসে হামলা ও ভাংচুর চালায়। এ সময় জয়নাল মিয়ার স্ত্রী সুফিয়া বেগম বাধা দিতে আসলে তাকে দারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে দুর্বৃত্তরা। একপর্যায়ে মাকে বাঁচাতে মেয়ে স্বপ্না বেগম ও ছেলে কাউসার মিয়া এগিয়ে আসলে দৃর্বৃত্তরা তাদেরকেও কুপিয়ে আহত করে। পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে দৃর্বৃত্তরা চলে যায়। পরে প্রতিবেশীরা রাতেই আহত সুফিয়া বেগমকে উদ্ধার করে প্রথমে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার বলেন, নারীকে কুপিয়ে আহত করার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আহত নারীর স্মামী জয়নাল তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্তপূর্বক অভিযুক্তদের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।