- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে লাঠির আঘাতে এক যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরের পল্লীতে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার ভোর রাতে সিলেট ওসমানী চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঐ যুবকের মৃত্যু হয়। তার নাম ইনু মিয়া (৩৫)। তিনি উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের নালেরবন্দ গ্রামের রবিউল্ল্যাহর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার সকালে নালের গ্রামের ইনু মিয়ার স্ত্রী খায়রুন নেছা প্রতিবেশী মাইনুউদ্দিনের স্ত্রী মিনারা বেগম শিশুদের বই ছেড়াকে কেন্দ্র করে কথাকাটাকাটিতে লিপ্ত হন। এক পর্যায়ে মিনারা বেগমের স্বামী মাইনুউদ্দিন ক্ষিপ্ত হয়ে কাঠের বর্গা দিয়ে খায়রুন নেছার স্বামী ইনু মিয়াকে মাথায় আঘাত করলে সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। অজ্ঞান অবস্থায় প্রতিবেশীরা ইনু মিয়াকে প্রথমে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। তার অবস্থা সংকটাপন্ন দেখে চিকিৎসকরা তাকে সিলেট ওসমানী চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় ইনু মিয়ার মৃত্যু হয়।
তাহিরপর থানার ওসি নন্দন কান্তি ধর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মামলা দায়েরের প্রস্ততি চলছে, আসামীদের গ্রেফতার করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

  • [১]