- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে শিক্ষার্থীদের দিয়ে এনজিও’র র‌্যালি : অভিভাবকরা ক্ষুব্ধ

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে এনজিওর কর্মীরা বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে র‌্যালি করায় অভিভাবকরা ক্ষুব্ধ হয়েছেন। মঙ্গলবার বিশ্ব জলাভুমি দিবস উপলক্ষে তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে র‌্যালি ও আলোচনা সভা করালেন এনজিও সংস্থা সিএনআরএস। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত র‌্যালি ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। বিশ্ব জলাভুমি দিবস   উদযাপনের লক্ষ্যে এনজিও সংস্থা সিএনআরএস মঙ্গলবার তাহিরপুর উপজেলা গণমিলনায়তনে আলোচনা সভার পূর্বে আব্দুজ জহুর চত্বর থেকে একটি র‌্যালি বের করে। র‌্যালিতে অংশগ্রহণকারী কিছু সংখ্যক স্থানীয় ছাড়া অধিকাংশরা ছিল তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। বিদ্যালয় চলাকালীন সময়ে ক্লাশ বন্ধ রেখে এনজিও র‌্যালীতে বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেখে উপজেলার সচেতন মহল ও শিক্ষার্থীদের অভিভাবকগণ অসন্তোষ প্রকাশ করেছেন। শিক্ষাথীর এক অভিবাবক বলেন, এনজিওর যে কোনো অনুষ্ঠানে তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ করানো হয়। ছাত্রী অভিভাবক ও তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শফিকুল ইসলাম বলেন, র‌্যালিতে আমিও ছিলাম। শিক্ষার্থীদের দিয়ে র‌্যালি করানোর বিষয়টি তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে অবগত করেছি। আলোচনা সভা চলাকালে একাধিক অভিভাবক শিক্ষার্থীদের চলে যাওয়ার বিষয়ে বললে এনজিও সংস্থা সিএনআরএস তাহিরপুর উপজেলা কো-অর্ডিনেটর ইয়াহিয়া সাজ্জাদ বলেন, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীরা আমাদের র‌্যালী ও আলোচনা সভায় অংশগ্রহণ করেছে, এতে কারও কোন সমস্যা হচ্ছে না ।
তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক ইয়াহিয়া তালুকদার বলেন, ইউএনও মহোদয়ের দোহাই দিয়ে বিভিন্ন সংস্থার অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে গেলে আমরা বাধা দিতে পারি না।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন বলেন,র‌্যালিটি সিএনআরএসএর ব্যানারে হলেও আয়োজন ছিল উপজেলা প্রশাসনের।

  • [১]