- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

আমিনুল ইসলাম, তাহিরপুর
তাহিরপুরে পাহাড়ি ঢলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত ৪ দিন ধরে ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যাদুকাটা, মাহারাম, রক্তি নদীর পানি বিপদসীমা অতিক্রম করে নিম্নাঞ্চলের ৩০টিরও বেশী গ্রাম প্লাবিত হয়েছে।
এতে আনোয়ারপুর থেকে ফতেহপুর সড়কের ৩ স্থান, তাহিরপুর—বাদাঘাট সড়কে স্থানে স্থানে, তাহিরপুর সদর ইউনিয়নের জামালগড় ওলি সড়কের দুই স্থান, বারেকের টিলা থেকে ট্যাকেরঘাট পর্যন্ত সড়কের চানপুর, বুরুঙ্গাছড়া ও রজনীলাইন ছড়া, ট্যাকেরঘাট থেকে কলাগাঁও সড়কের লাকমা, লালঘাট ও বাঁশতলায় ভাঙ্গন দেখা দিয়েছে।
জানা যায়, পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হয়েছে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের রাজধরপুর, রামজীবনপুর, সাহেব নগর, পৈন্ডুপ, গোপালপুর, মারালা, নোয়ানগর, নোয়াগাঁও, ইক্রামপুর, জগদীশপুর, সাহসপুর, সুলেমানপুর, উমেদপুর, আনন্দনগর, পাটাবুকা, ভবানীপুর, দুমাল, লামাগাঁও।
উত্তর শ্রীপুর ইউনিয়নের বিনোদপুর, ইন্দ্রপুর, পানিয়াখালী, জয়পুর, গোলাবাড়ী, ছিলানিতাহিরপুর, ভোরারঘাট, কামালপুর জামালপুর, মাটিয়ান দক্ষিণ বড়দল ইউনিয়নের জামলাবাজ, টাকাটুকিয়া, রসুলপুর, কাউকান্দি, কামারকান্দি বাদাঘাট ইউনিয়নের ধরুন্দ, কাঞ্চনপুর, ইউনূছপুর পাতারগাঁও সহ অর্ধশতাধিক গ্রাম প্লাবিত ও যোগাযোগ বিচ্ছিন্ন।
এছাড়া উত্তর বড়দল, বাদাঘাট, বালিজুড়ি, উত্তর শ্রীপুর ও দক্ষিণ বড়দল ইউনিয়নের বিভিন্ন এলাকায় রোপা আমন ধানের শতশত একর জমির বীজতলা ও শাকসব্জির ক্ষেত ঢলের পানিতে প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে বলে কৃষকরা জানিয়েছেন।
বালিজুরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বলেন, বিদ্যালয়ের মেঝেতে পানি উঠায় কোন ছাত্রছাত্রী মঙ্গলবার বিদ্যালয়ে আসেনি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবুল খায়ের বলেন, উপজেলার নদী তীরবর্তী বালিজুড়ী ইউনিয়নের পাতারী তিওরজালাল, বড়খলা, আনোয়ারপুর, বালিজুরী, দক্ষিণকূল, মাহতাবপুর, নয়াহাট, পিরিজপুর, মেঞ্জারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেঝেতে পাহাড়ি ঢলের পানি ওঠায় মঙ্গলবার শিক্ষার্থীরা ক্লাস করতে পারেনি।
তাহিরপুর উপজেলা নিবাহী অফিসার মো. রায়হান কবীর বলেন, যাদুকাটা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আনোয়ারপুর—বালিজুড়ি সড়কের ৫০ মিটার সড়ক ৩ ফুট পানির নীচে তলিয়েছে।

  • [১]