স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলা সরকারী খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ধান সংগ্রহের শুভ উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইকবাল হোসেন। উদ্বোধনকালে কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আব্দুছ ছালাম, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা গোলাম আউলিয়া প্রমুখ।
উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইকবাল হোসেন বলেন,‘এ বছর তাহিরপুরে ২৩৯৮ মে. টন ধান ক্রয়ের নির্দেশনা দিয়েছেন। যা অতীতের তুলনায় সর্বোচ্চ এবং ২৩ টাকা কেজি মূল্যে একজন কৃষক সর্বোচ্চ ৩ মে. টন ধান খাদ্য গুদামে জমা দিতে পারবেন। এ ক্ষেত্রে কৃষককে কৃষি কার্ডের মাধ্যমে তার নিজস্ব ব্যাংক হিসাবে ধানের মূল্য পরিশোধ করা হবে। উল্লেখ্য কৃষকদের তালিকা প্রেরণ করবে উপজেলা কৃষি অফিস। আগামী ৫ জুন পর্যন্ত ধান সংগ্রহ কার্যক্রম চলবে।