- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে সাংবাদিকদের মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিকদের ওপর বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত পোস্টার পোড়ানোর মিথ্যা অভিযোগ এনে স্থানীয় সাংবাদিক ও এক কলেজ ছাত্রকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। তাহিরপুর থানায় মামলাটি দায়ের করেছেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি ঝুমুর তালুকদার।
জানা যায়, উপজেলার বাদাঘাট বাজারে এক হোটেল মালিক গত ৩০ জানুয়ারি রাতে হোটেল পরিস্কার করতে গিয়ে ময়লাযুক্ত পোস্টার বাজারের গলিতে ফেলে দিলে বাজারের নৈশ প্রহরি শীতের প্রকোপ ঠেকাতে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলে। ঘটনার ২দিন পর ১ ফেব্রুয়ারি মানিক হত্যাকান্ডের সংবাদ প্রকাশের জের ধরে মামলার আসামীদের       প্ররোচণায় বড়দল উত্তর ইউনিয়নের পৈলনপুর গ্রামের বাসিন্দা জেলা ছাত্রলীগের সহ সভাপতি ঝুমুর তালুকদার বাদী হয়ে দৈনিক যুগান্তরের তাহিরপুরের স্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ, অনলাইন নিউজ পোর্টাল সময়েরসংবাদের তাহিরপুর প্রতিনিধি আলম শেখ ও বাদাঘাট সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী রাজু মীরসহ তিন জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার অভিযোগে শুক্রবার সকালে রাজু মীরকে গ্রেফতার করে পুলিশ।
বাদাঘাট বাজারের মামা-ভাগনা হোটেল মালিক লিটন দাস বলেন, ‘গত ৩০জানুয়ারি রাত সাড়ে বারোটার দিকে হোটেল বন্ধ করার সময় খেলাধুলার বেশ কয়েকটি পোস্টার ও অপ্রয়োজনীয় কাগজাদি হোটেলের বাইরে ফেলে দেই। সেগুলো কে বা কারা জ্বালিয়েছে তা জানা নেই।
বড়দল উত্তর ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাশেম বলেন, ‘কোন সচেতন মানুষ এমন কাজ করতে পারে না, তা অত্যন্ত নিন্দনীয় ও অপপ্রচার। সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদকর্মীদের উপর মিথ্যা মামলা ও গুজব ছড়ানো অত্যন্ত নিন্দনীয়।
সাংবাদিক হাবিব সরোয়ার আজাদ বলেন,‘ মানিক হত্যাকান্ডের ঘটনায় সংবাদ প্রকাশের জের ধরে আমাকেসহ অনলাইন পত্রিকার তাহিরপুর প্রতিনিধি আলম শেখ ও এইচএসসি শিক্ষার্থী রাজু মীরসহ তিনজনের বিরুদ্ধে অহেতুক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর বলনে,‘এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে।’

  • [১]