স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে সাংবাদিক ও পত্রিকার হাকারদের মাঝে শীতবস্ত্র (কম্বল ও চাদর) বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় তাহিরপুর উপজেলা পরিষদ বঙ্গবন্ধু মিলনায়তনে ‘শীতার্তদের জন্য ভালোবাসা’ এই স্লোগান নিয়ে সারাদেশের শীতবস্ত্র বিতরণের অংশ হিসেবে সমকাল সুহৃদ সমাবেশ ও আল-খায়ের ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই কম্বল ও চাদর বিতরণ করা হয়।
অনুষ্টষ্ঠনে পত্রিকার হকার শ্যামল বর্মণ কম্বল ও চাদর পেয়ে বলেন, সমকাল সুহৃদ সমাবেশ ও আল খায়ের ফাউন্ডেশনের প্রতি তিনি কৃতজ্ঞ। তারা গত কয়েক বছর ধরে তাহিরপুরে হাওরের দুর্যোগ, রমজান ও ঈদ এবং করোনাকালীন সময়েও হতদরিদ্র মানুষদের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন।
যায়যায়দিন তাহিরপুর উপজেলা প্রতিনিধি বাবরুল হাসান বাবলু বলেন, সমকাল সুহৃদ সমাবেশ ও আল খায়ের ফাউন্ডেশন প্রতি বছরই তাহিরপুরের দুর্গম হাওর এলাকায় হতদরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা দিয়ে আসছে। এবার তারা হতদরিদ্র পরিবারের পাশাপাশি পত্রিকার হকার ও সাংবাদিকদের মাঝে কম্বল ও চাদর বিতরণ করছেন। তাদের এমন উদ্যোগ চলমান থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর কম্বল ও চাদর বিতরণ পূর্ব আলোচনায় সমকাল সুহৃদ সমাবেশ ও আল-খায়ের ফাউন্ডেশনের প্রশংসা করে বলেন, গত ১লা ফেব্রুয়ারি দুর্গম হাওর এলাকায় খুবই ভাল মানের কম্বল বিতরণ করেছে। আজ আবার তারা পত্রিকার হকার্স ও তাহিরপুরে কর্মরত সাংবাদিকদের মাঝে ভালোমানের কম্বল ও চাদর বিতরণ করেছেন। তাদের দেশব্যাপী সেবামূলক কাজে ভালো সুনাম ও খ্যাতি রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু জাফর মো. সালেহ উদ্দিন, সমকাল তাহিরপুর উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, যায়যায় দিন তাহিরপুর উপজেলা প্রতিনিধি বাবরুল হাসান বাবলু, নয়া শতাব্দি তাহিরপুর উপজেলা প্রতিনিধি শওকত হাসান, সময়ের আলো তাহিরপুর উপজেলা প্রতিনিধি শঙ্কর চন্দ, সবুজ বাংলা তাহিরপুর উপজেলা প্রতিনিধি মনিরাজ শাহ, সমকাল সুহৃদ সমাবেশ তাহিরপুর এর অর্থ সম্পাদক নাঈম আহমদ নিশাত প্রমুখ।