তাহিরপুর প্রতিনিধি
ঢাকা থেকে স্ত্রীকে হত্যা করে পালিয়ে আসা এক ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে তাহিরপুর থানা পুলিশ। রবিবার ভোর রাতে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্তবর্তী বাগলী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত’র নাম ইসমাঈল হোসেন (২৫)। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সিন্দুরী গ্রামের ইন্তাজ আলীর ছেলে।
জানা যায়,
রাজধানী ঢাকার কদমতলী থানা এলাকায় বসবাসরত অবস্থায় গত ১৪ সেপ্টেম্বর ইসমাঈল হোসেন নিজের স্ত্রী বরিশালের ঝালকাঁটির মীম (২০) কে হত্যা করে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। এ ব্যাপারে কদমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে সে তাহিরপুর উপজেলার বিভিন্ন স্থানে আত্মগোপন করে থাকে। সুনামগঞ্জের গোয়েন্দা পুলিশের একটি টিম তাহিরপুর থানা পুলিশের সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে তাহিরপুর সীমান্তবর্তী বীরেন্দ্র নগর বাগলী বাজারের একটি দোকান থেকে তাকে গ্রেফতার করে।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা কদমতলী থানা থেকে একদল পুলিশ এসে সোমবার দুপুরে ঘাতক স্বামী ইসমাঈলকে নিয়ে গেছে।