- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে স্বাস্থ্যবিধি মেনে নতুন বই বিতরণ

এম.এ রাজ্জাক, তাহিরপুর
তাহিরপুরে স্বাস্থ্যবিধি মেনে নতুন বই বিতরণ করা হয়েছে। করোনার কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির কথা ভেবে এবার হয়নি বই উৎসব। জানা গেছে, এবছর মাধ্যমিক স্তরে সপ্তাহে তিন দিন করে মোট ১২ দিনে পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। অপরদিকে প্রাথমিকে শিক্ষার্থীদের অভিভাবকদের হাতে বই তুলে দেয়া হচ্ছে।
শুক্রবার সকালে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই বিতরণের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ। সরেজমিনে তাহিরপুরের বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে দেখা যায়, পৃথকভাবে বই বিতরণের জন্য শুক্রবার প্রথম দিনে শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল। তবে বিদ্যালয়ের পক্ষ থেকে বই বিতরণের পর্যাপ্ত প্রস্তুতি লক্ষ্য করা গেছে।
বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্রও একই ছিল, ছাত্রছাত্রী উপস্থিতি ছিল অতীতের তুলনায় অনেক কম। ছুটির দিন এবং দীর্ঘ ৮ মাস পর স্কুল খোলার কারণে এমনটি হয়েছে বলে ধারণা করছেন শিক্ষকরা।
স্কুল খুললে আরও আনন্দ লাগবে। নতুন বই নিয়ে স্কুল আসতে ইচ্ছে করছে বলে বই নিয়ে ফেরার পথে বলেন বিথী আক্তার নামের এক প্রাথমিক শিক্ষার্থী।
হাজেরা খাতুন নামের ৭ম শ্রেণির এক শিক্ষার্থীর বলেন, বাড়িতে বসে পড়তে আর ভালো লাগে না।
সূর্য্যেরগাঁও কান্দাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলি রায় জানান, করোনা পরিস্থিতিতে এ বছর অতীতের ন্যায় উৎসব করে বই বিতরণ না করা গেলেও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।
সোহালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারোয়ার লিটন বলেন, স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের এবং অভিভাবকদের হাতে নতুন বই তুলে দেয়া হচ্ছে। নতুন বই হাতে পেয়ে সবাই উচ্ছ্বসিত তবে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় কিছু সংখ্যক শিক্ষার্থী ঝড়ে পড়ার আশঙ্কাও রয়ে গেছে।
বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ধানু জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে কয়েক ধাপে ভাগ করে বই বিতরণের জন্য বলা হয়েছে। সে অনুসারেই কাজ করা হচ্ছে। আজ প্রথম দিন ৪০ জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে।
তাহিরপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ আবু সাঈদ বলেন, এ বছর করোনা পরিস্থিতির কারণে বই উৎসব না করা হয়নি। স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ করা হয়েছে। শুক্রবার বন্ধের দিন থাকায় উপস্থিত কিছুটা কম ছিল।

  • [১]