- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে হযরত শাহ ক্বারী নূরআলী (র.) ওরশ শুরু

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে টাঙ্গুয়া হাওর তীরে আধ্যাত্মিক সাধক হযরত শাহ ক্বারী নূরআলী (র.) মাজার প্রাঙ্গণে বুধবার সকাল থেকে ওরশ মেলা শুরু হয়েছে। ওরস মেলাকে কেন্দ্র করে উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের বিভিন্ন গ্রামে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের তরং শিবরামপুর গ্রামে প্রতি বছর ফাল্গুন মাসের ৬ তারিখ ওরস মেলাটি অনুষ্ঠিত হলেও এবছর একটু ব্যতিক্রম হয়েছে। পঞ্জিকার হিসাব মতে বুধবার সকাল থেকে ওরশ শুরু হওয়ার নিয়ম থাকলেও এ বছর ভক্তরা মঙ্গবার সকাল থেকেই মাজার প্রাঙ্গণে জমায়েত হয়েছেন। ফলে ওরশ কমিটি মঙ্গলবার দুপুর থেকে ওরশ মেলা শুরু করে বৃহস্পতিবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত করবেন বলে জানিয়েছেন।
মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা মাজার প্রাঙ্গণে মানত করা গরু, খাসি, মোরগ সহ বিভিন্ন প্রকার সিন্নি নিয়ে আসছেন। কেউ কেউ মনের ভাব প্রকাশ করার জন্য দ্রুত গানের প্যান্ডেল তৈরী করছেন। আবার কেউ কেউ গানের মঞ্চ তৈরী করে মনের মাধুরী মিশিয়ে বাউল গান পরিবেশন শুরু করছেন। অপরদিকে মাজার প্রাঙ্গণে বসে গেছে বাহারী পণ্যের মেলা।
মাজারে আসা তরং গ্রামের দেলোয়ার হোসেন তালুকদার জানান, অন্য বছর এখানে একদিন ব্যাপী উৎসব হলেও এবার দুইদিন ব্যাপি ওরশকে ঘিরে কয়েক হাজার নারী, পুরুষের সমাগম ঘটেছে।
মাজারের খাদেম জানান, এবার মঙ্গলবার সকাল থেকেই ভক্তরা মাজারে আসতে শুরু করেছেন। ফলে মঙ্গলবার দুপুর থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মাজার প্রাঙ্গণে কোরআন তেলাওয়াত, হালকা জিকির, মুর্শিদী, ভান্ডারী, বাউল গান গেয়ে মেলাস্থল মাতিয়ে রাখবেন এখানে আসা অতিথি শিল্পীসহ স্থানীয় শিল্পীরা।
ওরশ কমিটির কোষাধ্যক্ষ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি জানান, প্রতি বছর ফাল্গুন মাসের ৬ তারিখ হযরত শাহ ক্বারী নূরআলী (র.) মাজার প্রাঙ্গণে ওরশের নির্ধারিত তারিখ। কিন্ত এবার একদিন আগেই মেলা শুরু হয়েছে।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও ওরস প্রাঙ্গণে নিরাপত্তায় পুলিশ মোতায়েন থাকবে। যাতে কেউ আইনশৃংখলা অবনতি ঘটাতে না পারে। তিনি বলেন, এখানে কেউ কোনো ধরনের মাদক, অশ্লীল নাচ ও জুয়ার বোর্ড বসানো চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • [১]