আমিনুল ইসলাম, তাহিরপুর
চলতি ঈদ ও রমজানকে সামনে রেখে তাহিরপুরের হাওরাঞ্চলের হাটবাজারে কেনাকাটা জমে উঠেনি। সরেজমিন ঘুরে ও ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, অন্যান্য বছরের তুলনায় এ বছর দোকানপাটে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, কাঁচা শাকসব্জি, মাছমাংস ও পোশাক পরিচ্ছদের দোকানগুলোর বেচাকেনা বিগত বছরের তুলনায় অর্ধেকের চেয়েও কম। তাহিরপুর বাজারের ব্যবসায়ী গনেশ সরকার, বিশ্বজিত রায়, এলাহি এন্টারপ্রাইজ এর সত্বাধিকারী মুকলেছুর রহমান, ইসলাম গার্মেন্টস এর সত্বাধিকারী ইনচান মিয়া বলেন,এ বছর রমজানের শুরু থেকে এ পর্যন্ত বেচাকেনা খুবই কম। ধারণা করা যাচ্ছে ঈদের দু’চারদিন আগেও পোষাক পরিচ্ছদের বেচাকেনা জমে উঠবে না। হাটবাজারে আসা হাওরপাড়ের একাধিক ক্রেতার সাথে কথা বলে জানা যায়, জীবনজিবিকা নির্বাহ বিয়ে শাদিসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের একমাত্র সম্বল ছিল বোর ফসল। এ বছর ফাল্গুন চৈত্র মাসের শিলাবৃষ্টি ও বৈশাখ মাস শুরুর আগেই উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও অকাল বন্যায় একমাত্র বোর ফসল পানিতে তলিয়ে যায়। ফলে এ অঞ্চলে বর্তমানে অনেকটাই অভাব অনটন বিরাজ করছে। দৈনন্দিন জীবন জীবিকা নির্বাহের জন্য হাওরপাড়ের কর্মজীবি লোকজন জলাভূমিতে মাছ ধরে ও তলিয়ে যাওয়া পঁচা ধান সংগ্রহ করে বেঁচে থাকার চেষ্টা করছেন। এ অবস্থায় রমজানের রসনাবিলাসী খাবার দাবার ও ছেলে মেয়ে পরিবারের জন্য পোষাক পরিচ্ছদ কেনাকাটার অতিরিক্ত টাকা ব্যয় করা যাচ্ছে না। যে কারণে ক্রেতারা হাটে এসে একমাত্র না কিনলেই নয় এমন কিছু সামান্য জিনিস কিনে বাড়ী ফিরছেন। তাহিরপুর বাজার বণিক সমিতির সভাপতি দিলীপ কুমার চন্দ ও সাধারণ সম্পাদক এরশাদ মিয়া বলেন, এ বছর একমাত্র বোর ফসল পানিতে তলিয়ে যাওয়ায় আমাদের বাজ রে ব্যবসায়ীদের বেচাকেনায় মান্দা দেখা দিয়েছে।