- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে ১ম ডোজ টিকা সম্পন্ন করার লক্ষে ইউএনওর ১০ নির্দেশনা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে কোভিড-১৯ এর ১ম ডোজ টিকা ২৬ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করার লক্ষে উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) ১০টি নির্দেশনা জারি করেছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলা বঙ্গবন্ধু কর্ণারে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর। এসময় তিনি যারা এখনও পর্যন্ত ১ম ডোজের টিকা গ্রহণ করেননি তাদেরকে জরুরী ভিত্তিতে ২৬ ফেব্রুয়ারির মধ্যে নিকটস্থ কেন্দ্র থেকে টিকা নেয়ার জন্য অনুরোধ করেন। ঐদিন গণটিকা প্রদান কার্যক্রমকে উৎসবে পরিণত করতে সকলের সহযোগিতা কামনা করে ১০টি নির্দেশনা জারি করেন।
নির্দেশনাগুলো হলো- ১. এখন থেকেই লোকজনকে টিকা নেয়ার জন্য উদ্ধুদ্ধ করতে হবে। ২. প্রতিটি সাব ব্লকে টিকা দেয়া শুরু হবে। ৩. টিকাদান চলতে থাকবে, একই সাথে স্বাস্থ্য কর্মীরাও প্রতিটি বাড়িতে গিয়ে টিকাবিহীন ব্যক্তির তালিকা তৈরী করবে। ৪. জরিপ করার সময় টিকা বিহিন জনগণ উপস্থিত থাকলে তাৎক্ষণিক টিকা প্রদান করবে এবং অন্যদের তালিকা করবে। ৫. যেহেতু একজন করে স্বাস্থ্যকর্মী যাবে সাথে সাথে একজন স্বেচ্ছাসেবী লাগবে। ৬. উপজেলার সকল মসজিদগুলোতে প্রচার করতে হবে। ৭. প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারগণ এলাকাতে মাইকিং করবেন। ৮. আটো রিক্সা, সিএনজি, মটর সাইকেল, দোকানদার, ঠেলাগাড়ী, ট্রলার, লরি, হরিজন, কয়লা শ্রমিক, পাথর শ্রমিক সকলকেই টিকার আওতায় আনতে হবে। ৯. প্রয়োজনে বড় বাজারগুলোতে অস্থায়ী টিকা ক্যাম্প করা হবে। ১০. প্রতিটি ইউনিয়নের গ্রাম পুলিশদের প্রচারণার কাজে লাগাতে হবে।
সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান-উদ-দৌলা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান, উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুছ ছোবহান আখঞ্জি, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসালাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, দপ্তর উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার রমাকান্ত দেবনাথ, এসআই অপূর্ব শাহা, তাহিরপুর সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জুনাব আলী, সদর ইউপি সচিব জগন্নাথ বনিক প্রমুখ।
এর পরপরেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

  • [১]