তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বোরখাড়া নামক স্থান থেকে ৪ লাখ টাকা মূল্যের ১০টি গরু আটক করেছে বিজিবির একটি টহল দল। এদিকে গরুর চালান জব্দ করার পুর্বেই দুই ব্যবসায়ী গরুগুলোর বৈধ মালিকানা দাবি করে গরু ক্রয়ের ইজারাদারের রশীদপত্র তাৎক্ষণিক বিজিবি টহল কমান্ডারকে দেখালেও তা আমলে নেয়া হয়নি। দুই ব্যবসায়ী বলেছেন, গরু ১০টা নয় ১৩টি গরু আটক করে নিয়ে গেছে বিজিবি।
জানা যায়, বুধবার সকালে বালিয়াঘাট বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার আজাহারের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ১২০০/ ১-এস এর নিকট হতে আনুমানিক ৪ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে ধর্মপাশায় নিয়ে যাবার পথে বুড়াখাড়া নামক স্থান হতে ১০টি গরু আটক করে।
উপজেলার ব্রাহ্মণগাও গ্রামের মৃত. নিদু মড়লের ছেলে গরু বেপারী সিরাজ মিয়া জানান, বালিয়াঘাট বিজিবির হাতে বুধবার যে ১৩টি গরু আটক হয়েছে সেগুলোর মধ্যে ১০টি গরু আমি স্থানীয় কৃষকদের নিকট থেকে ১৬ এপ্রিল বাদাঘাট বাজার থেকে ইজারাদারের রশীদ মূলে ক্রয় করেছি ধর্মপাশা বাজারে নিয়ে বিক্রয়ের জন্য।’
তিনি আরো বলেন, এলাকার বোরো ফসলী হাওর পানিতে তলিয়ে যাওয়ায় গো-খাদ্যের অভাবে অনেক গৃহস্ত কম দামে গরু বিক্রি করছেন। আমি সেইসব গৃহস্তের গরু বাদাঘাট বাজার থেকে কিনেছিলাম। তাৎক্ষণিক বালিয়াঘাট বিজিবি ক্যাম্পে গিয়ে গরু ক্রয়ের রশীদ দেখানোর পরও তারা গরু জব্দ করেছে।
ধর্মপাশার সিংপুরের মতি রহমানের ছেলে স্বপন মিয়া বলেন, আমি একই তারিখে বাদাঘাট বাজার থেকে ৩টি গরু ইজারাদারের রশীদমুলে স্থানীয় কৃষকের নিকট থেকে কিনেছিলাম। বিজিবি গরু আটকের পর বালিয়াঘাট ও লাউড়েগড় ক্যাম্পে গিয়ে রশীদ দেখানোর পরও তারা ভারতীয় গরু বলে এগুলো জব্দ করেছেন।
সুনামগঞ্জ- ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাসির উদ্দিন আহমেদ (পিএসসি) বৃহস্পতিবার জানান, গরু আটকের পর কয়েকজন বিজিবির নিকট গরুগুলো স্থানীয়ভাবে ক্রয় করা হয়েছে বলে বাদাঘাট বাজারের দেবোত্তর ষ্টেইটের ইজারা আদায়কারীর যে রশিদ দেখিয়েছেন তা ভুয়া রশিদ বলে মনে হয়েছে।