- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে ৫০ গ্রাম প্লাবিত

আমিনুল ইসলাম, তাহিরপুর
তাহিরপুরে পাহাড়ি ঢলে তাহিরপুর-সুনামগঞ্জ সড়ক ৩ ফুট পানির নীচে তলিয়ে গেছে। অন্যদিকে ১১টি প্রাথমিক বিদ্যালয়ের মেঝেতে পানি ওঠায় শিক্ষার্থীদের ক্লাস নেয়া সম্ভব হচ্ছে না।
গত ৩ দিন ধরে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে যাদুকাটা, মাহারাম, রক্তি, পাটলাই নদী দিয়ে বিপদসীমা অতিক্রম করে ঢলের পানি নেমে আসায় তাহিরপুরের নিম্নাঞ্চলের ৫০টিরও বেশী গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে ৫০ হাজারেরও বেশী মানুষ।
সোমবার ভোর থেকে যাদুকাটা নদীর পানি ৮.১৫ সেন্টিমিটার উপর দিয়ে অতিক্রম করায় এ সকল নদী থেকে বালি পাথর উত্তোলনকারী প্রায় ১০ হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। অন্যদিকে বড়ছরা শুল্ক স্টেশনে পাহাড়ি ছড়া দিয়ে ঢলের পানি নেমে এসে শতাধিক কয়লার ডিপো প্লাবিত হয়েছে। এতে প্রায় ১০ হাজার কয়লা পরিবহন শ্রমিক বেকার হয়ে পড়ে।
অপরদিকে নদী ও হাওরের পানি একাকার হয়ে নদী তীরবর্তী ও হাওরপারের গ্রামগুলো ঝড়ো হাওয়ায় বিশাল ঢেউয়ের আঘাতে ভাঙনের মুখে পড়েছে। এছাড়া দৈনন্দিন আয়ের খেটে খাওয়া মানুষ ও মৎস্য আহরণকারী জেলেরা বিশাল ঢেউ ও পাহাড়ি ঢলের কারণে মাছ ধরতে না পারায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন। জানা যায়, পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হয়েছে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের রাজধরপুর, রামজীবনপুর, সাহেবনগর, পৈন্ডুপ, গোপালপুর, মারালা, নোয়ানগর, নোয়াগাঁও, ইক্রামপুর, জগদীশপুর, সাহসপুর, সুলেমানপুর, উমেদপুর, আনন্দনগর, পাটাবুকা, ভবানীপুর, দুমাল, লামাগাঁও উত্তর শ্রীপুর ইউনিয়নের বিনোদপুর, ইন্দ্রপুর, পানিয়াখালী, জয়পুর, গোলাবাড়ী, ছিলানি তাহিরপুর, ভোরারঘাট, কামালপুর জামালপুর, মাটিয়ান দক্ষিণ বড়দল ইউনিয়নের জামলাবাজ, টাকাটুকিয়া, রসুলপুর, কাউকান্দি, কামারকান্দি বাদাঘাট ইউনিয়নের ধরুন্দ, কাঞ্চনপুর, ইউনূছপুর পাতারগাঁও, বালিজুরি ইউনিয়নের বালিজুরি নয়াহাটি, মাহমুদপুর, রামনগর, রড়খলা সহ অর্ধশতাধিক গ্রাম প্লাবিত ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া উত্তর বড়দল বাদাঘাট, বালিজুড়ি, উত্তর শ্রীপুর ও দক্ষিণ বড়দল ইউনিয়নের বিভিন্ন এলাকায় রোপা আমন ধানের শতশত একর জমির বীজতলা ও শাকসব্জির ক্ষেত ঢলের পানিতে প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে বলে কৃষকগণ জানিয়েছেন।
আনোয়ারপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মিলন তালুকদার বলেন, ঢলের পানিতে আনোয়ারপুর বাজারটি ভাঙনের মুখে পড়েছে।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: আবু সাঈদ বলেন, উপজেলার বালিজুরি ইউনিয়নের পাতারী তিওরজালাল, বড়খলা, আনোয়ারপুর, বালিজুরী, দক্ষিণকূল, মাহতাবপুর সরকারী প্রাথমিক বিদ্যাালয়, নোয়াহাট, পিরিজপুর, মেঞ্জারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের উতিয়ারগাঁও নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তাহিরপুর সদর ইউনিয়নের লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর মেঝেতে পাহাড়ি ঢলের পানি ওঠায় রোববার শিক্ষার্থীরা কোন ক্লাস করতে পারেনি।
উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির বলেন, পাহাড়ি ঢলের পানিতে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের আনোয়ারপুর রাস্তাটি ৪ ফুট পানির নীচে পড়েছে। সোমবার ভোর থেকে যাদুকাটা নদীর পানি ৮.১৫ সেন্টিমিটার উপর দিয়ে অতিক্রম করছে। এ অবস্থায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উপজেলার অনেক বিদ্যালয়ের মেঝেতে পানি উঠায় শিক্ষার্থীরা ক্লাস নিতে পারছে না।

  • [১]