স্টাফ রিপোর্টার, তাহিরপুর
আজ ১৭ই নভেম্বর তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে না। সম্মেলন না হওয়া নিয়ে উপজেলাজুড়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে। তৃণমূল নেতাকর্মীদের সাথে আলাপ করে জানা যায়, ২০১৪ সালের ২৪ নভেম্বর তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সম্মেলনের এক মাস ১২ দিন পর অর্থাৎ ২০১৫ সালের ৭ ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ ৬৭ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন। কমিটি গঠনের পর প্রায় ৪ বছর ধরে দলের কোন পরিচিতি সভা কিংবা বর্ধিত সভা অনুষ্ঠিত না হওয়ায় সম্প্রতি সম্মেলনকে কেন্দ্র করে কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, সহ দপ্তর সম্পাদক শাহিন রেজা, বন ও পরিবেশ সম্পাদক কামাল আখঞ্জি ও সদস্য আজিজুল হক স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দাখিল করা হয়। এ নিয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে অসন্তোষ দেখা দিলেও উপজেলার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উল্লাস দেখা দিয়েছে।
এ বিষয়ে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমান বলেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ এর ত্রিবার্ষিক সম্মেলন ১৭ই নভেম্বর এবং জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এর সম্মেলন ১৬ই নভেম্বর হওয়ার নির্ধারিত তারিখ ছিল। আমি শারীরিক অসুস্থতার কারণে সম্মেলনে উপস্থিত থাকতে পারছি না। বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করার জন্য আমি সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দদের জানিয়ে দিয়েছি। সম্মেলনের তারিখ পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।