- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুর ও জগন্নাথপুরে ন্যায্যমূল্যে বিক্রি শুরু হবে সোমবার থেকে

সু.খবর রিপোর্ট
তাহিরপুর উপজেলা সদরে খোলা বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি করা হবে আগামীকাল সোমবার থেকে। শনিবার দুপুরে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক সভা থেকে বেরিয়ে তাহিরপুর উপজেলা খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক আলমগীর হোসেন স্থানীয় সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি আরো জানান, তাহিরপুর উপজেলা সদরে ৫ জন খোলাবাজারে চাল বিক্রির ডিলার রয়েছেন। এদের মধ্যে প্রতিদিন তিন জন এক মেট্রিক টন করে তিন মে. টন চাল নির্দিষ্ট স্থানে বিক্রি করবেন।           
তাহিরপুর উপজেলা সদরের মুক্তিযোদ্ধা সন্তান এনামুল হক বলেন, খোলাবাজারে চাল বিক্রির বিষয়টি স্বচ্ছতার জন্য বিগত দিনে সকল ডিলার পূর্ব বাজারের চাল মহালে তাদের স্ব-স্ব ব্যানার টানিয়ে বিক্রি করেছিলেন। স্থানীয় প্রশাসনের কাছে আমাদের দাবি দুর্যোগের বিষয়টি বিবেচনায় এনে কর্তৃপক্ষ যেন এবারও আগের মতোই করেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, স্ব্চ্ছতার মাধ্যমে খোলাবাজারে চাল বিক্রি করা হবে। কোন ডিলার অনিয়ম করলে তাদের আইনের আওতায় এনে শাস্তি দেয়া হবে।
জগন্নাথপুর
ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে জগন্নাথপুর উপজেলায় বোরো ফসলহানির ঘটনায় আগামীকাল সোমবার থেকে ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে খোলা বাজারে ওএমএম কার্যক্রমের আওতায় চাল ও আটা বিক্রি হবে। পৌরশহরের ৫টি স্থানে প্রতিদিন ৩ মে. টন চাল ও ৩ মে. টন আটা টানা একমাস বিক্রি করা হবে। প্রতিকেজি চালের মূল্য নির্ধারণ করা হয়ে ১৫ টাকা এবং আটার মূল্য নির্ধারন করা হয়েছে প্রতিকেজি ১৮ টাকা। এছাড়া ৮টি ইউনিয়নে ইতিমধ্যে সরকারী রিলিফের চাল বিতরণ শুরু হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন,‘ প্রতিদিন নির্ধারিত স্থান থেকে ক্ষতিগ্রস্তদের মধ্যে সরকার কর্তৃক ১৫ টাকা মূল্যে চাল বিতরণ করা হবে। আর আটা ১৮ টাকা দরে বিক্রয় করা হবে। টানা একমাস ফসলহারা ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে চাল ও আটা বিক্রয় করা হবে। এছাড়া ইতিমধ্যে ৮টি ইউনিয়নে সরকারী রিলিফ দেয়া শুরু হয়েছে।
প্রসঙ্গত, অব্যাহত ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃক নির্মিত নি¤œমানের ফসল রক্ষা বাঁধ ভেঙ্গে উপজেলার সর্ববৃহৎ নলুয়ার হাওরসহ সব ক’টি হাওরের ফসল পানিতে তলিয়ে যায়। পর পর টানা ৩ বছর একমাত্র বোরো ফসল হারিয়ে কৃষকদের মধ্যে হাহাকার চলছে।  

  • [১]