স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর বাজারে শাহজালাল টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার ভোর ৫টা ৫০ মিনিটের সময় শাহজালাল টাওয়ারের নীচ তলায় মিটার রুম থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানান শাহজালাল টাওয়ারের পরিচালক মো. আবুল হাসান রাসেল। অগ্নিকাণ্ডে ভবনের কমপক্ষে ৫ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
ভয়াবহ আগুনের সংবাদ শুনে পাশ্র্ববর্তী বিষা্ম্ভরপুর উপজেলার ফায়ার সার্ভিসের দল, তাহিরপুর থানা পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতায় সকাল সাড়ে ৭টায় আগুন নেভানো সক্ষম হয়।
শাহজালাল টাওরের নীচতলায় ছিল ডাচ বাংলা বুথ, টাঙ্গুয়া রেস্টুরেন্ট, একটি মোবাইল দোকান ও কম্পিউটার দোকান। দ্বিতীয় তলায় ছিল বাংলাদেশ কৃষি ব্যাংক ও সোনালী ব্যাংক। এছাড়াও বিভিন্ন তলায় ছিল ৬টি সরকারি চাকুরীজীবী পরিবার।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর ও তাহিরপুর থানার এসআই মো. গোলাম হক্কানী।
শাহজালাল টাওয়ারের ৬ষ্ঠ তলার বাসিন্দা তাহিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মঞ্জুরুল হক বলেন, আগুনের ধোয়ায় বাসার দরজা খোলা যাচ্ছিল না। আল্লাহর অশেষ মেহেরবানীতে কোন রকমে ভবনে থাকা ৬টি পরিবারের সদস্যরা ঘর থেকে বেরুতে পেরেছি।
শাহজালাল টাওয়ারের নীচতলার ব্যবসায়ী তানভীর স্টোরের সত্বাধিকারী তানভীর হাসান বলেন, ভোর ৫টা ৫০মিনিটের সময় আগুনের সংবাদ শুনে তিনি ও তার স্বজনদের নিয়ে দোকানের মালামাল সরিয়ে অন্যত্র নিয়ে যান।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর বলেন, তাহিরপুর ফায়ার সার্ভিস দ্রুত উদ্বোধনের ব্যবস্থা করতে হবে। আমি আজই তাদের সাথে যোগাযোগ করবো।