- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুর ম্যাগনেটের খুঁজে হয়রান যুবকরা

এমএ রাজ্জাক, তাহিরপুর
তাহিরপুর সীমান্তে অতি তাড়াতাড়ি কোটিপতি হওয়ার আশায় পিলার (ম্যাগনেট)ও কক্কা নামক এক প্রাণী খুঁজে হয়রান হচ্ছেন এক শ্রেণীর অতিলোভী যুবক। তারা বিভিন্নভাবে বিভক্ত হয়ে সীমান্ত এলাকায় পিলার (ম্যাগনেট) ও কক্কা খোঁজে বেড়াচ্ছেন। কিন্তু অবাস্তব এই পিলার (ম্যাগনেট) ও কক্কা পাওয়া তো দূরের কথা বরং প্রতারিত হয়ে এই সিন্ডিকেটের যুবকরা সর্বস্ব হারাচ্ছেন। তারা সুদ থেকে শুরু করে স্ত্রীর গয়নাও বিক্রি করতে দ্বিধা বোধ করছেন না।
সীমান্ত এলাকায় পিলার (ম্যাগনেট) ও কক্কা পাওয়ার আসায় বিভিন্ন কবিরাজের কাছ থেকে টাকা দিয়ে তাবিজ নিয়েও মিলছে না কোটিপতি হওয়ার সহজ পদ্ধতি। তারা বিলাসী জীবন  যাপনের আশায় রাতে দিনে ঘুরছেন সীমান্তবর্তী এলাকার বিশেষ বিশেষ স্থানে। কবিরাজদের কথামতে ভোর রাত থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত তারা ব্যস্ত থাকে পিলারের (ম্যাগনেটের)ও কক্কার সন্ধানে। তারা মনে করেন, কয়টা দিন কষ্ট করলেই পেয়ে যাবেন অতিমূল্যবান পিলার (ম্যাগনেট) ও কক্কা। তাদের অপেক্ষার শেষ নেই, অতিমূল্যবান পিলার (ম্যাগনেট)ও কক্কা খোজে চলছেন সীমান্তের ছোট বড় টিলা, কবরস্থান, এমনকি সীমান্ত রেখার পিলারের নিচেও মাটি খুড়ে খুড়ে ম্যাগনেট খুজছেন তারা।
নাম প্রকাশ না করার শর্তে ম্যাগনেট খোঁজায় নিয়োজিত একজন জানান, তাহিরপুর সীমান্তবর্তী এলাকার বিশেষ একটি সিন্ডিকেট প্রায় কয়েক বছর আগ থেকেই অতি তাড়াতাড়ি কোটিপতি হওয়ার আসায় পিলার (ম্যাগনেট) ও কক্কা জাতীয় এক মূল্যবান প্রাণী খোঁজতে শুরু করেন। তারা মনে করেন একটা কক্কা ও প্রাচীন পিলার পেলেই আসল ম্যাগনেট পেয়ে কোটিপতি হয়ে যাবেন তারা।
স্থানীয় সচেতন মানুষ মনে করেন, লোভ বাদ দিয়ে এসব ভুল ও ভ্রান্ত ধারণা থেকে এসব যুবককে এখনই ফিরিয়ে আনতে হবে, না হয় তারা আস্তে আস্তে লোভের আশায় সর্বস্বান্ত হয়ে যাবে।
বিজিবি ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল নাসির উদ্দিন আহমদ বললেন, তাহিরপুর সীমান্ত শুধু নয় বাংলাদেশের কোনো স্থানে পিলারের মধ্যে ম্যাগনেটের অস্তিত্ব নেই। কারণ হিসেবে তিনি বলেন, ব্রিটিশরা যখন এদেশে পিলার গেড়েছিল তখন তারা কোনো প্রকার ম্যাগনেট ব্যবহার করেনি। এক ধরনের প্রতারকচক্র দুই থেকে তিনটা গ্রুপ করে সহজ সরল মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার জন্য প্রতারণার ফাঁদ পেতেছে। এসব প্রতারকদের বিরুদ্ধে সীমান্তে বিজিবি সব সময় সতর্ক অবস্থানে রয়েছে।’

  • [১]