- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুর শিক্ষা অফিসের গিফটের নামে চাঁদাবাজি

বিন্দু তালুকদার
‘বাগ নাই মুরগির, আট খাডা এন্ডা (ডিম)।’ আরে বাবা ওয়াদা কইরা বড় সাজলা, অফিসে বুম ফাটাইলা, কিন্তু হেডামে যে জোড় নাই, জানা ছিল না বোধহয়। পরের ধনে পোদ্দারি করতে এই জগতে সবাই মজা পায়। মাষ্টারতো হইলো এর মোক্ষম জায়গা, গৃহপালিত বেয়াকুব, আহাম্মক, সমস্যা নাই। ট্যাকা দিমুনে, না দিয়া কই যামু? কার শ্যেন দৃষ্টি, গজব, মারফতি প্যাচেঁ পইড়া চাকরিটাই না হারাইতে হয়। দয়া করিয়া আপনি বা আপনার তেলেসমাতি কম্ম সাধন করিবার জন্য আমাদের ফাঁসির কাষ্টে ঝুলাইয়া দিবেন না। এতে জাতি ও দেশ কষ্ট পাইবো, আমরা নিশ্চিন্ন হইয়া যাইব। ’
জেলার তাহিরপুর উপজেলা শিক্ষা অফিসের আসবাবপত্র ক্রয়ের জন্য সদর ইউনিয়নের সহকারি শিক্ষকদের কাছ থেকে চাঁদা আদায়ের ঘটনায় ক্ষুব্ধ হয়ে সহকারি শিক্ষক স্বপন কুমার রায়ের ফেইসবুক পোস্টে এভাবেই একটি মন্তব্য করেন উপজেলার লেদারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এইচ এম তৌফিক আহমদ।
জানা যায়, তাহিরপুর উপজেলা শিক্ষা অফিসকে গিফট (একটি স্টিলের আলমিরা) দেয়ার জন্য সহকারি         
শিক্ষককের কাছ থেকে ২০০ টাকা করে চাঁদা আদায় করছেন উপজেলার উজান তাহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানবেশ রায়সহ কয়েক জন প্রধান শিক্ষক।
অবৈধভাবে চাঁদা আদায়ের বিষয়টি নিয়ে স্বয়ং শিক্ষকরাই নানা প্রশ্ন তোলছেন। বিষয়টি নিয়ে গত তিনদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুকে) বেশ আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। তবে এই চাঁদা আদায় করা নিয়ে প্রতিবাদী হয়ে উঠছেন সহকারি শিক্ষকরা।
উপজেলার মধ্যতাহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক স্বপন কুমার রায় ২৭ ফেব্রুয়ারি রাত পৌনে ৮ টায় তাঁর ফেইসবুক আইডিতে একটি পোস্ট দেন। পোস্টে তিনি উল্লেখ করেন,‘গিফটের নামে চাঁদা উত্তোলন: কিছু কথা। তাহিরপুর উপজেলা শিক্ষা অফিসে শিক্ষকদের সার্ভিসবুক ভালভাবে সংরক্ষণের নাম করে ষ্টিল আলমিরা গিফট দেয়ার নামে একটি মহল সদর ইউনিয়নের সহকারি শিক্ষকদের কাছ থেকে ২০০ টাকা করে চাঁদা উত্তোলন করছেন।  এ প্রেক্ষিতে আজ আমার কাছে প্রধান শিক্ষক ২০০ টাকা দাবি করেন। সম্মানিত শিক্ষকবৃন্দ, বিষয়টি ভেবে দেখুন ? এখানে গিফট করার কি আছে? যদি শিক্ষা অফিসে আলমিরার সংকট থাকে, তাহলে শিক্ষকদের অফিসিয়াল ফোরাম মাসিক সমন্বয় সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেয়া যেতে পারে। সমন্বয় সভায় আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে শিক্ষা অফিসকে সহযোগিতার অনেক নজির রয়েছে। কিন্তু তা না করে একজন শিক্ষকের ব্যক্তিগত ইচ্ছা কিংবা মহল বিশেষের ইচ্ছা চরিতার্থ করতে আমি কেন টাকা দেব।
প্রশ্ন জাগে, মাসিক সমন্বয় সভাকে পাস কাটিয়ে কয়েকজন প্রধান নিজ নিজ বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের কাছ থেকে ২০০ টাকা করে তোলার কাজে নিজেকে সম্পৃক্ত করছেন কেন ? কোন উদ্দেশ্যে ? অথচ মাসিক সমন্বয় সভায় সিদ্ধান্ত নিয়ে বিদ্যালয় প্রতি ২০০ টাকা ২৬ হাজার টাকা দিয়ে যেমন একটি ভাল মানের আলমিরা দেয়া যায় ; সে সাথে উপজেলার সকল শিক্ষকের অংশগ্রহণও নিশ্চিত হয়। সামগ্রিকতা পাশ কাটিয়ে আমরা হাঁটছি আংশিকতার দিকে; যা মোটেই শুভ নয়।
মধ্য তাহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আরেক সহকারি শিক্ষক দিপংকর ভট্টাচার্য কাঞ্চু লিখেছেন,‘এটা কিভাবে সম্ভব ? আমরা চাঁদা দিব কেনো ? কাকে দিবো , কেনো দিবো ? সাভিস বুক সংরক্ষণের জন্য ? এটা অফিসের দায়িত্ব। এই চামচাটা কে ? ধান্ধাবাজীর নতুন কৌশল নিয়েছে। গাঁয় মানে না আপনে মোড়ল। কি আর বলবো বেহায়া বেশরমদের।’
তাহিরপুরের বাসিন্দা সিলেটের ব্যাংক কর্মকর্তা সালাহ উদ্দিন লিখেছেন,‘ওসব তৈল মর্দনকারী ক্লাসবিহীন কিছু মানুষ সমাজ ব্যবস্থা ধংসের জন্য দায়ী।’
এলাকার বাসিন্দা বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইনের বার্তা সম্পাদক শংকর মৈত্র লিখেছেন,‘এটাতো সরকার থেকে দেয়ার কথা।’
বালিজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক এনামুল হক লিখেছেন,‘১৫০ স্কুল থেকে ২০০ টাকা করে দিলেই তো ৩০,০০০ টাকায় ভাল আলমিরা কেনা যায়।’
স্থানীয় সংবাদকর্মী জাহাঙ্গীর আলম ভুইয়া লিখেছেন,‘এছাড়াও এবার যারা জিপিএ ৫ (গোল্ডেন ৫) পেয়েছে তাদের কাছ থেকে কয়েকটি স্কুলে জন প্রতি ৫শত টাকা নিয়েছে স্কুলের প্রধান শিক্ষক বাগান করার নাম করে। এই বিষয়টি ঘাটাঘাটি না করার জন্য অনুরোধ করেন এক শিক্ষার্থীর বাবা ও অন্য একজন কাছের মানুষ তাই বাদ দিতে হয়।’
কলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবু সুফিয়ান লিখেছেন,‘আমরা সহকারিবৃন্দের চাঁদা দেওয়া লাগে কেন? এটা তো প্রধানদের মনের ব্যাপারসেপার। সমন্বয় মিটিংএ ই তো তারা সুসিদ্ধান্ত নিতে পারেন! ধান্দামান্দা বাদ দিয়ে সুচিন্তা করুন ধান্দাবাজ প্রধান যারা।
সদর ইউনিয়নের চিকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু নাছির  দৈনিক সুনামগঞ্জের খবরকে বলেন,‘ প্রধান শিক্ষক মানবেশ রায় আমার কাছে টাকা চেয়েছিলেন এবং বলেছিলেন আমার সকল সহকারি শিক্ষককে বিষয়টি জানানোর জন্য। আমি বলেছি এভাবে টাকা দেব না, সহকারি শিক্ষকদেরও আমি বলতে পারব না। ’
রতনশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সালমা আক্তার বলেন,‘ মানবেশ স্যারের দপ্তরীর মাধ্যমে আমরা চার জনের ১১০০ টাকা (এক জন প্রধান শিক্ষকের ৫০০ ও তিনজনের ২০০ কে ৬০০) জমা দিয়েছি।’ তবে ওই টাকা নিজের প্রয়োজনে আলমিরা ক্রয়ের জন্য দিয়েছেন বলে জানান তিনি।
উপজেলা সরকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সরোয়ার লিটন ফেইসবুক পোস্টের মন্তব্যে লিখেছেন,‘শুনেছি একজন প্রধান শিক্ষক একটি আলমারি অফিসকে দিবেন বলে নিজে থেকে অফিসারকে বলে এসেছেন। এখন এটা নিয়ে শিক্ষকদের কাছ থেকে চাঁদাবাজি শুরু করলে কি আর বলব লজ্জ্বিত আর দুঃখিত হওয়া ছাড়া। অফিসের টাকার অভাবে নেই। আলমারি দেখিয়ে চাঁদাবাজি বন্ধ করুন। স্যারদের তেল দিতে হয় নিজের তেলে দিন।’
উপজেলার উজান তাহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানবেশ রায় বলেন,‘ গত বৃহস্পতিবার একটি আলোচনায় সদর ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমন্বয় পরিষদের পক্ষ থেকে শিক্ষা অফিসকে একটি আলমিরা দেয়ার জন্য প্রস্তাব গৃহিত হয়েছে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে দিব একথা বলিনি। তবে এখন পর্যন্ত কারো কাছ থেকে টাকা নেয়া হয়নি। চাঁদা আদায়ের অভিযোগ মিথ্যা। যারা এনিয়ে ফেইসবুকে বলাবলি করছেন এটা তাদের ব্যক্তিগত বিষয়।’
তাহিরপুর উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা গোলাম রাব্বী বলেন,‘প্রধান শিক্ষক মানবেশ রায় বলেছিলেন সদর অফিসকে তিনি একটা আলমিরা দিবেন। এখন শুনা যাচ্ছে তিনি সদর ইউনিয়নের শিক্ষকদের কাছ থেকে টাকা আদায় করছেন এবং বিষয়টি নিয়ে ফেইসবুকে লেখালেখি হচ্ছে। পুরো বিষয়টি শিক্ষা অফিসের জন্য লজ্জাজনক।’
তাহিরপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান বলেন,‘প্রধান শিক্ষক মানবেশ রায় কিছু দিতে গেলে দিবেন, তবে উনি অন্য শিক্ষকদের কাছ থেকে কেন চাঁদা তুলবেন। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।’

  • [১]