তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর সীমান্তের ওপারের ভারতীয় বড়ছড়া এলাকায় গণপিটুনিতে এক বাংলাদেশী যুবকের মৃত্যু ঘটেছে। বিজিবি জানিয়েছে, সোমবার সকাল ৮ টায় সীমান্ত অতিক্রম করে বড়ছড়া এলাকায় পার্কিং করা একটি ট্রাক থেকে তেল
চুরির সময় স্থানীয় লোকজন ঐ যুবককে গণপিটুনি দেয় বলে জানিয়েছে বিএসএফ। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত যুবকের নাম বশির আহমদ (৩৩), সে তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শুকুর আলীর ছেলে।
বিজিবি জানায়, বড়ছড়া পয়েন্ট দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে পার্কিং করা একটি ট্রাকে তেল চুরি করার সময় স্থানীয় লোকজনের হাতে আটকা পড়ে বশির। পরে গণপিটুনিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনার খবর পেয়ে ভারতের বড়ছড়া থানা পুলিশ লাশ তাদের হেফাজতে নিয়ে রাখে।
বিজিবি’র ২৮ রাইফেল ব্যাটেলিয়ানের উপ-অধিনায়ক মেজর মাহবুবুল আলম জানান, ‘ট্রাক থেকে তেল চুরির সময় সীমান্তের ওপারে এক বাংলাদেশী তরুণ গণপিটুনিতে নিহত হয়েছে। নিহত তরুণের লাশ আনার প্রক্রিয়া শুরু করা হয়েছে। লাশের ময়না তদন্ত করার জন্য ভারতের শিলং পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ হস্তান্তর করবে বিজিবি।’