তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর উপজেলার উত্তরশ্রীপুর ইউনিয়নের লালঘাট সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করায় বাংলাদেশী দুই যুবককে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় লালঘাট সীমান্তে এই ঘটনা ঘটে।
আটককৃত যুবকরা হলেন, লালঘাট গ্রামের লালচাঁন মিয়ার ছেলে জালাল উদ্দিন (৩৫) ও একই গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে আব্দুল জব্বার (২৫)। কয়েক ঘণ্টা পর জালাল উদ্দিনকে বিএসএফ ফেরত দিলে আব্দুল জব্বারকে সিলং পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
ফিরে আসা জালাল উদ্দিন জানান, মঙ্গলবার সকালে তারা লাকড়ি কুড়াতে সীমান্তে গিয়েছিলেন। লাকড়ি কুড়াতে কুড়াতে তারা সীমান্ত অতিক্রম করে ভারতের অংশে ঢুকে পড়েন। এসময় টহলরত বিএসএফ তদেরকে আটক করে নিয়ে যায়। পরে তাকে ছেড়ে দেয়া হলেও জব্বারকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিজিবির ২৮ রাইফেল ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল নাছির উদ্দিন আহমদ জানান, লাকড়ি কুড়াতে গিয়ে সীমান্ত অতিক্রম করায় বিএসএফ তাহিরপুরের দুইজনকে আটক করেছিল। একজন ফেরত এসেছে, অন্যজনকে তারা ফেরত দেয়নি। তবে বিএসএফ জানিয়েছেন দু’এক দিনের মধ্যেই তাকে ফেরত দিয়ে দিবে।