- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুর সীমান্তে মাদক আটক নিয়ে সংঘর্ষ-বিজিবির ৬ রাউন্ড গুলি, গুলিবিদ্ধসহ আহত ২

স্টাফ রিপোর্টার
তাহিরপুর সীমান্তে বিজিবি জওয়ান ও গ্রামবাসীর মধ্যে ইটপাটকেল নিক্ষেপ এবং পরে বিজিবি’র ৬ রাউন্ড গুলিতে একজন গুলিবিদ্ধ এবং আরেক মহিলা গুরুতর আহত হয়েছেন। ঈদের দিন সন্ধ্যায় তাহিরপুর সীমান্তের মাছিমপুর বিজিবি ফাঁড়ির পার্শ্ববর্তী মনাইপাড়ায় এই ঘটনা ঘটে।
বিজিবি দাবি করেছে,‘৭২ বোতল ভারতীয় মদসহ এক ব্যক্তিকে আটক করার পর গ্রামবাসী, মদসহ ঐ ব্যক্তিকে ছিনিয়ে নেবার চেষ্টা করলে বিজিবি আত্মরক্ষার্থে ৬ রাউন্ড গুলি ছুড়েছে’। এ ঘটনার পর সুনামগঞ্জ-৮ রাইফেল ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল নাছির উদ্দিন আহমদ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জমান কামরুল ঘটনাস্থলে যান।
উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল জানান, ঘটনাস্থলে গিয়ে তিনি গ্রামবাসীর কাছ থেকে জেনেছেন বিজিবি জওয়ানরা মাছিমপুর সীমান্ত ফাঁড়ির পার্শ্ববর্তী  
মুখসেদপুর গ্রামের শাহ্পরান মিয়াকে মারধর করার এক পর্যায়ে আটকের চেষ্টা করলে গ্রামবাসী বাধা দেয়। এ সময় বিজিব জওয়ানরা গুলি ছুড়ে। বিজিবি’র গুলিতে মুখসেদপুরের আব্দুল বারির ছেলে রফিকুল ইসলাম আহত হয়। তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় একই গ্রামের সাবজান বিবি নামের আরেক মহিলা আহত হন।
বিজিবি’র ৮ রাইফেল ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমদ বলেন,‘মাছিমপুর সীমান্ত ফাঁড়ির পার্শ্ববর্তী মনাইপাড়ায় ৭২ বোতল মদসহ এক ব্যক্তিকে আটক করলে, গ্রামবাসী তাকে ছিনিয়ে নেবার চেষ্টা করে, বিজিবিকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় তারা (গ্রামবাসী) মাছিমপুর ফাঁড়ির নায়েক সুবেদার হাবিবসহ ২ জওয়ানকে আটকেরও চেষ্টা করে। এই অবস্থায় বিজিবি ৬ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে’।

  • [১]