সটাফ রিপোর্টার, তাহিরপুর
টানা দু’দিনের ভারি বৃষ্টিপাত ও ভারত মেঘালয়ের অত্যধিক বৃষ্টিপাতের কারণে তাহিরপুর-সুনামগঞ্জ সড়ক পানির নীচে তলিয়ে গেছে। এতে সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।
তাহিরপুর উপজেলার আনোয়ারপুর-বালিজুড়ি অংশের ৫০ মিটার সড়ক ও বিশ^ম্ভরপুর উপজেলার শক্তিয়ার খলা সড়কের ১০০ মিটার সড়ক প্রায় ৩ ফুট পানির নীচে তলিয়ে গেছে। ফলে সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের সকল যানচলাচল বন্ধ রয়েছে। এ অবস্থায় পাকা সড়কের উপর দিয়ে নৌকাযোগে পাড়াপাড় হচ্ছেন চলাচলকারী লোকজন। এদিকে টানা বৃষ্টিপাত ও বজ্রপাতের কারণে গত দু’দিন ধরে নি¤œ আয়ের লোকজন ঘর থেকে বের হতে পারছে না।
যাদুকাটা নদী পাহাড়ি ঢলের পানিতে উপচে থাকার কারণে নদীতে বালু উত্তোলনকারী প্রায় ৫ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে। হাওরপাড়ের জেলেরাও ভারি বৃষ্টিপাত ও ঘনঘন আকস্মিক বজ্রপাতের কারণে মাছ ধরতে না পেরে কর্মহীন হয়ে পড়েছে।
তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে যাদুকাটা ও রক্তি নদীর পানি বৃদ্ধি পেয়ে আনোয়ারপুর রাস্তাটি পানির নীচে তলিয়ে গেছে। গত দু’দিন ধরে তাহিরপুর-সুনামগঞ্জ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।