স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলায় ৪ঠা জুন ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনসার সদস্য নিয়োগে ঘুষ নেয়া অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ঘুষের টাকা ফেরৎ প্রদানের দাবিতে উপজেলা আনসার ভিডিপি কার্যালয় ঘেরাও করে আনসার সদস্যরা বিক্ষোভ প্রদর্শন করেছে।
উপজেলা আনসার ভিডিপি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৭টি ইউনিয়নে ৬৯টি কেন্দ্রে ১জন করে পিসি, ১জন করে একজন এপিসি, ১৫জন আনসার সহ মোট ১১৭৩ জন আনসার দায়িত্ব পালন করে। শনিবার দুপুরে নির্বাচনে দায়িত্ব পালনকারী আনসাররা তাদের সম্মানীর টাকা জনপ্রতি সাধারণ আনসারদের ভ্যাট ট্যাক্স কর্তন করে ১৫৮২ টাকা কর্তৃপক্ষ দিতে চাইলে সাধারণ আনসাররা কার্যালয়ের সম্মূখে বিক্ষোভ প্রদর্শন করে।
বিক্ষোভের সময় আনসার সদস্য রতনশ্রী গ্রামের সজল মিয়া, মধ্য তাহিরপুর গ্রামের রনি, রুবেল, ভাটিতাহিরপুর গ্রামের মাসুম সহ শত শত আনসাররা বিক্ষোভ প্রদর্শন করে জানায়, তাদেরকে নির্বাচনে ডিউটি পাইয়ে দেয়া এবং দায়িত্ব পালনের পর ৩হাজার টাকা পাওয়ার আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে জন প্রতি ৫শ টাকা অগ্রিম হাতিয়ে নেন তাহিরপুর উপজেলা আনসার ভিডিপি অফিসে তালিকা প্রস্তুতকারী মহিলা প্রশিক্ষিকা শিউলি বেগম ও বিভিন্ন ইউনিয়নের মহিলা দলনেত্রী ও দলপতিগণ। শনিবার আনসার ভিডিপি কর্তৃপক্ষ আনসারদের সম্মাননা ১৫৮০ টাকা দিতে চাইলে তখন তাদের অগ্রিম দেয়া ৫শ টাকা ফেরতের দাবী উঠে।
এ প্রসঙ্গে তাহিরপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল আলী বলেন,‘ আমি ৩টি উপজেলা দায়িত্ব পালন করছি। তাহিরপুরে ৬৯টি কেন্দ্রের কেন্দ্রওয়ারী তালিকা তৈরী করেছেন এ অফিসের মহিলা প্রশিক্ষিকা শিউলি বেগম।’
মহিলা প্রশিক্ষিকা শিউলি বেগমকে আনসারদের ঘুষের টাকা ফেরতের বিক্ষোভ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন,‘আমি কোন প্রকার ঘুষ দুর্নীতি ও অনিয়ম করি নি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।’