- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তিন উপজেলায় প্রথম আলোর ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের তিনটি উপজেলার ১০টি গ্রামের ৩১৫টি বন্যার্ত পরিবারের মধ্যে গতকাল সোমবার প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। প্রথম আলোর স্থানীয় প্রতিনিধি ও বন্ধুসভার সদস্যরা এই ত্রাণ বিতরণ করেছেন। জেনারেল ফার্সাসিউটিক্যাল লিমিটেডের অর্থায়নে এই ত্রাণ সহায়তা দেওয়া হয়।
সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলার দুটি ইউনিয়নের ছয়টি গ্রামের ২০০পরিবার এবং ধরমপাশা উপজেলা চারটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের বন্যার্ত ১১৫টি পরিবারকে এই সহায়তা       দেওয়া হয়। প্রতিটি পরিবারকে ছয় কেজি চাল, এক লিটার তেল, এক কেজি ডাল, এক কেজি লবন ও চারটি করে খাবার স্যালাইন দেওয়া হয়েছে। দিনভর হাওর এলাকার গ্রামে গ্রামে ঘুরে বন্ধুসভার সদস্যরা এই ত্রাণ বিতরণ করেন।
সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের প্রত্যন্ত হাওর এলাকার পুর্ব গোপালপুর, দক্ষিণ গোপালপুর ও ছোটহাটি; শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের চাকুয়া, উত্তর মহেশপুর উত্তর ও দক্ষিণ মহেশপুর গ্রামে নৌকা করে বন্ধুসভার সদস্যরা গিয়ে ২০০ পরিবারের হাতে ত্রাণ সহয়তা তুলে দেন। দিরাই ও শাল্লায় ত্রাণ বিতরণকালে প্রথম আলো বন্ধুসভার সভাপতি মো. রাজু আহমেদ, সহসভাপতি মো. হায়দার আলী ও প্রদীপ পাল, জেনারেল ফার্সাসিউটিক্যাল লিমিটেডের সিনিয়র প্রোডাক্ট এক্সিকিউটিভ মো. আরিফুল হক, সিলেটের জোনাল ম্যানেজার মো. নিজাম উদ্দিন, সুনামগঞ্জের এরিয়া ম্যানেজার মো. জিয়াউর রহমান, বন্ধুসভার সদস্য শাহজাহান আলম সিদ্দিকী, মো. শফিকুল ইসলাম, জাকের আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ধর্মপাশা উপজেলা পরিষদ প্রাঙ্গণে সোমবার সকাল ১১টায় বন্যার্তদের হাতে সহায়তা তুলে দিয়ে এ উপজেলায় ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন খন্দকার। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশাহীদ তালুকদার, জয়শ্রী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সুখাইড় রাজাপুর উত্তর ইউপির চেয়ারম্যান মো. ফরহাদ আহমদ, উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি চয়ন কান্তি দাশ, প্রথম আলোর ধরমপাশা উপজেলা প্রতিনিধি সালেহ আহমদ, স্থানীয় সাংবাদিক এনামুল হক ও সাজিদুল ইসলাম, কবি শাকিল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে উপজেলার সদর, সেলবরষ, জয়শ্রী ও সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের বিভিন্ন গ্রামে নৌকা নিয়ে বন্যার্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হয়।

  • [১]