সু.খবর রিপোর্ট
সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিনে মেয়র পদে ৩,কাউন্সিলর পদে ৫০ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন মনোনয়ন জমা দিয়েছেন। রবিবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়ন পত্র গ্রহণ করেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা।
সুনামগঞ্জ পৌরসভার নির্বাচন ১৬ জানুয়ারি। রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বর্তমান মেয়র নাদের বখ্ত, বিএনপি’র দলীয় প্রার্থী মুর্শেদ আলম ও ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মোহাম্মদ রহমত উল্লাহ মনোনয়ন জমা দেন।
আওয়ামী লীগের দলীয় প্রার্থীর মনোনয়ন দাখিলের সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট খায়রুল কবীর রুমেন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ইয়াকুব বখ্ত বহলুল, রাশেদ বখ্ত নজরুল, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শামছুল আবেদীন, আওয়ামী লীগ নেতা প্রদীপ পাল নিতাই, নোমান বখ্ত পলিন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট আক্তারুজ্জামান সেলিম, আওয়ামী লীগ নেতা অমল চৌধুরী হাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএনপির প্রার্থী মুর্শেদ আলমের মনোনয়ন প্রদানকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, জেলা বিএনপির সহসভাপতি আতম মিসবাহ্, নাদের বখ্ত, অ্যাডভোকেট শেরেনুর আলী, আবুল মুনসুর শওকত প্রমুখ উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ জেলা সহকারী রির্টানিং অফিসার উত্তম কুমার রায় সুনামগঞ্জ পৌরসভায় মেয়র পদে ৩, কাউন্সিল ৫০, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জনের মনোনয়ন দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেই জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পাঁচ মেয়র প্রার্থীসহ ৫৩ জন প্রার্থী উপজেলা নির্বাচন কার্যালয়ে সহকারি রির্টানিং অফিসার মুজিবুর রহমানের নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা হয়।
মেয়র পদে যারা মনোনয়ন দাখিল করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পৌরসভার বর্তমান মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া, বিএনপির মনোনীত প্রার্থী পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুনুজ্জামান হারুন, স্বতন্ত্র প্রার্থী পৌরসভার সাবেক মেয়র আক্তারুজ্জামান আক্তার, স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আমজদ আলী শফিক ও স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী বিঞ্চু রায়।

এছাড়া পৌরসভার ৯ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩৯ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ৯ জন মনোনয়ন জমা দিয়েছেন। এর আগেরদিন গত শনিবার ৫ জন কাউন্সিলর ও একজন নারী কাউন্সিলরসহ মোট ৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন।
সরেজমিনে দেখা যায়, করোনা পরিস্থিতি উপেক্ষা করে সম্ভাব্য মেয়র, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও নারী কাউন্সিলর প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে দলবদ্ধ হয়ে উপজেলা নির্বাচন কার্যালয়ে নির্বাচনী মনোনয়ন ফরম জমা দেন। নির্বাচন অফিসের চারপাশে উৎসবমুখী মানুষের ঢল নামে। এসময় অধিকাংশ লোকজনের মুখে মাস্ক দেখা যায়নি।
এ দিকে বেলা সাড়ে ১১টায় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী আমজাদ আলী শফিক মনোনয়নপত্র জমা দেন সহকারী রির্টানিং অফিসারের নিকট। এরপর স্বতন্ত্র প্রার্থী বিঞ্চু রায় মনোনয়ন পত্র দাখিল করেন। দুপুর ১২টায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পৌরসভার বর্তমান মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া মনোনয়ন ফরম জমা দেন। দুপুর দুইটায় স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র আক্তারুজ্জামান আক্তার হোসেন ও বিএনপির প্রার্থী পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুনুজ্জামান হারুন মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়ন পত্র দাখিল শেষে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পৌর মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া স্থানীয় সাংবাদিকদের জানান, উপনিবার্চনে বিপুল ভোটে নৌকা প্রতীকে আমাকে পৌরসভা বিজয়ী করেছিলেন। আমি বিশ্বাস করি, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা প্রতিকের ভোটাররা তাদের রায় দেবেন। তাঁকে দ্বিতীয়বারের মতো দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় তিনি দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলীয় নেতৃবৃন্দের নিকট কৃতজ্ঞা প্রকাশ করেছেন।
বিএনপির প্রার্থী হারুনুজ্জামান হারুন জানান, নিরপেক্ষ নির্বাচন হলে মানুষ বর্তমান সরকারের দু:শাসনের বিরুদ্ধে ধানের শীষ কে বিজয়ী করবে।
স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র আক্তারুজ্জামান আক্তার হোসেন বলেন, ২০১০ সালে জগন্নাথপুর পৌরবাসীর ভোটে আমি বিগত ৫ বছর নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে কাজ করেছি। পৌরসভার সার্বিক উন্নয়নে আমার প্রচেষ্ঠার কোনো কমতি ছিল না। জগন্নাথপুর পৌরসভারকে একটি আধুনিক কার্যকরী পৌরসভার গঠনের লক্ষ্যে প্রার্থী হয়েছি। আশা করছি ভোটাররা আমাকে ভোট দিয়ে বিজয়ী করবেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রির্টানিং অফিসার মুজিবুর রহমান বলেন, করোনা পরিস্থিতির কারণে মাস্ক পড়েই কার্যালয়ে প্রবেশ করে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়ন দাখিলের শেষ দিনে ৫ প্রার্থীসহ ৫৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
তিনি জানান, আগামী ২২ ডিসেম্বর প্রার্থীদের যাছাই বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ২৯ ডিসেম্বর, ৩০ ডিসেম্বের প্রতীক বরাদ্দ এবং ১৬ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৬শ’ ৪২ জন। পুরুষ ভোটার ১৪ হাজার ৩শ’ ৯২জন ও নারী ভোটার ১৪ হাজার ২শ’ ৫০জন।
অপরদিকে ছাতক পৌরসভা নির্বাচনে ২ জন মেয়র প্রার্থীসহ কাউন্সিল ও সংরক্ষিত কাউন্সিল পদে ৪১ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে মোট ৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরী ও বিএনপি মনোনীত প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া ৩টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৯ এবং সংরক্ষিত ৩টি আসনে মোট ১২ জন নারী প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে স্ব স্ব মনোনয়ন জেলা নির্বাচন কর্মকর্তা, রিটার্নিং অফিসার মুরাদ উদ্দিন হাওলাদার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ফয়জুর রহমানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।