- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তিন বছর ধরেই অনুপস্থিত- শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় রিপা রাণী রায় নামের এক শিক্ষক তিন বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছে। রিপা রাণী রায় ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নের মাছুয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের পক্ষ থেকে ওই শিক্ষকের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি। বিনা অনুমতিতে বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
জানা যায়, এ বিদ্যালয়ে দীর্ঘ বছর ধরে প্রধান শিক্ষক নেই। প্রধান শিক্ষকসহ এ বিদ্যালয়ে মোট শিক্ষকের পদ চারটি। সহকারি শিক্ষক রিপা রানী রায় ২০১৪ সালের ২       
জুলাই থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সহকারি শিক্ষক সীমা রাণী তালুকদার অন্যত্র বদলি হলে ২০১৫ সালের ৮ মার্চ মোহাম্মদ আলী শাহ নামের একজন সহকারি শিক্ষক এ বিদ্যালয়ে যোগদান করেন। তখন থেকে তিনিই পাঠদান, দাপ্তরিক কার্যক্রমসহ বিদ্যালয়ের যাবতীয় কাজ করেছেন। দাপ্তরিক কাজে উপজেলা শিক্ষা কার্যালয়ে আসলে বিদ্যালয় অঘোষিত ছুটি দিয়ে আসতে হতো। ফলে দুই বছর ধরে এ বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যহত হচ্ছিল। বিদ্যালয়টি দিন দিন শিক্ষার্থীর সংখ্যা কমে আসছে। বর্তমানে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৬৯ জন শিক্ষার্থী রয়েছে। গত বৃহস্পতিবার এ বিদ্যালয়ে একজন সহকারি শিক্ষক প্রেষণে দেওয়া হয়েছে।
সহকারি শিক্ষক মোহাম্মদ আলী শাহ বলেন, ‘গত বৃহস্পতিবার এ বিদ্যালয়ে একজন শিক্ষক ডেপুটেশনে (প্রেষণ) দেওয়া হয়েছে। তবে স্থায়ী শিক্ষক শিক্ষক নিয়োগ দেওয়া উচিত।’
কোনোভাবেই রিপা রানীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন বলেন, ‘বিনা অনুমতিতে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকায় রিপা রানী রায়ের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। তার (রিপা) বাড়িতে নোটিশ লাগিয়ে দেওয়া হয়েছিল কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বায়েজীদ খান  বলেন, ‘আমি এখানে নতুন এসেছি। জানতে পারলাম ওই শিক্ষককে একাধিকবার শোকজ করা হয়েছে। শোকজের কোনো জবাব পাওয়া যায়নি।’

  • [১]