শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ বীর মুক্তিযোদ্ধা আবু তালেব ও কৃপেন্দ্র দাস সহ অজানা আরও এক বীর মুক্তিযোদ্ধা সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন শহীদদের সমাধিতে পুষ্পস্তবক অর্পন করে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন।
এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, সহকারি কমিশনার (ভূমি) সকিনা আক্তার, স্থানীয় সরকার (এলজিইডি) প্রকৌশলী আল নুর তারেক, উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সিতাংশু শেখর ধর, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মো. আতাউর রহমান, মুক্তিযোদ্ধা অবনী বিশ্বাস, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, শান্তিগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার প্রমুখ।
এদিকে সকাল সাড়ে ১০টায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, শহীদ বীর মুক্তিযোদ্ধা তালেব উদ্দিন সাহসী যোদ্ধা ছিলেন। তিনি যুদ্ধকালীন সময়ে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। সুনামগঞ্জ মুক্ত হবার আগের দিন পাক হায়েনারা তাকে আটক করে নির্যাতন করতে করতে তখনকার সুনামগঞ্জ—সিলেট সড়কের আহসানমারা ফেরীর কাছে গুলি করে লাশ ফেলে রাখে। পরে স্থানীয় লোকজন শান্তিগঞ্জের উজানীগাঁওয়ে তালেব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কৃপেন্দ্র দাশ এবং আরেক বীর মুক্তিযোদ্ধাকে উজানিগাঁও রাশিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে একসঙ্গে সমাহিত দেন। এক কবরস্থানে শায়িত তিন মুক্তিযোদ্ধার দুই জনের পরিচয় সাথে সাথে নিশ্চিত হওয়া গেলেও তৃতীয় শহিদের নাম জানা যায়নি। তবে ওই তৃতীয় শহিদ উপজাতীয় এবং খ্রিস্টান সম্প্রদায়ভুক্ত বলে একমত হয়েছেন বিশিষ্টজনেরা। উজানীগাঁও উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণের সমাধিতেত একটি স্মৃতিসৌধও নির্মাণ করা হয়েছে। ১৯৯৬ সাল থেকে প্রতি বছরের ২৫ মার্চ ও ১৪ ডিসেম্বরে স্থানীয় উপজেলা প্রশাসন শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করে আসছেন।