ভারতের শিলংয়ে পরিচালিত তীর-শিলং নামক জুয়া খেলা ও মরণনেশা মাদক ইয়াবা নিয়ে গতকাল দৈনিক সুনামগঞ্জের খবরে দুইটি ভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যে দুইটি বিষয় প্রতিবেদনাধীন হয়েছে এই গুলি আমাদের সমাজকে একেবারে ভিতর থেকে পঁচিয়ে দিচ্ছে। বলা ভাল, জাতি হিসাবে আমাদের অপার সম্ভাবনাকে ধ্বংস করে দিচ্ছে একেবারে আঁতুরঘরেই। বারবার বিষয়গুলো পত্রিকার পাতায় উঠে আসছে। কিন্তু বলতে দ্বিধা নেই এসব বিষয়ে উপরে উপরে কিছু ব্যবস্থা নেয়ার বাইরে মূলত এগুলোকে সমূলে উৎপাটন করার কোন লক্ষণ এখন পর্যন্ত দৃশ্যমান হয়। মাঝে-মধ্যে তীর-শিলং খেলোয়াড় কিংবা ইয়াবা ব্যবহারকারী ও একেবারে নি¤œ পর্যায়ের কয়েকজন বহনকারীকে আটক করা হচ্ছে সত্য কিন্তু এদের মাধ্যমে নাটের গুরুকে পাকড়াও হতে দেখি না আমরা। অথচ সরল সত্য হলো, নাটের গুরুকে ধরা না গেলে নীচের দিকের দুষ্টদের ধরে খুব বেশি লাভ নেই। ইয়াবা বহনকারী একজন ধরা খেলে তার স্থলে দশজন নতুন বহনকারী নামিয়ে দেয়া কোন বিষয়ই নয় আড়ালের নাটের গুরুদের জন্য। তীর-শিলং খেলা যারা এই দেশের নানা জনপদে ছড়িয়ে দিয়েছে, যারা এই খেলার এজেন্ট হিসেবে কাজ করছে, তাদেরকে না ধরা অব্দি খেলোয়াড় ধরে তেমন ফায়দা পাওয়া যাবে না। সুতরাং আমরা সব সময়ই বলে আসছি, গোড়ায় হাত দিন। আসল ব্যক্তিগুলোকে আইনের আওতায় আনুন, তাহলেই কেবল সমাজ একটি বিধ্বংসী প্রপঞ্চ থেকে মুক্তি পেতে পারে।
সুনামগঞ্জের পুলিশ সুপার সদয় মানুষ। তিনি এসব সর্বনাশা অনুষঙ্গকে সমাজ থেকে ঝেঁটিয়ে বিদায় করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তাঁর এই প্রতিশ্রুতির উপর আমরা আস্থা রাখতে চাই। কারণ শেষ পর্যন্ত তাঁদের উপরই আমাদের আস্থা রাখতে হবে। সমাজের নানা জায়গায় যেসব খারাপ জিনিস ছড়িয়ে আছে সেগুলো নির্মূল করার দায়িত্ব পুলিশ প্রশাসনের উপরই বর্তায়। তীর-শিলং খেলার মাধ্যমে আমাদের তরুণরা শুধু অর্থকড়ির দিক থেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, ওরা নানা অপরাধ প্রবণতায়ও জড়িয়ে যাচ্ছে। অন্যদিকে ওই খেলার মাধ্যমে অর্জিত টাকার বড় অংশই ভারতে পাচার হয়ে পড়ে বলে আমরা শুনেছি। এটি শুধু তাই একটি সাধারণ জুয়া খেলা নয়, এটি মুদ্রা পাচারজনিত একটি অপরাধও বটে। ইয়াবা নামক মাদকটি কী পরিমাণ ভয়ংকর তা বিভিন্ন তথ্যে বেরিয়ে আসছে। নেশাসক্তরা একটা সময়ে নিশ্চিত মৃত্যু মুখে পতিত হয়। এই মরণ নেশার কবলে পড়ে আমাদের সম্ভাবনাময় কত তরুণ যে অকাল মৃত্যুকে ডেকে আনছে তা কে জানে। আমরা কি এই পতন শুধু দেখেই যাব? কিছু দুষ্ট ব্যক্তির লোভের খাই মিটাতে যেয়ে প্রজন্মকে ধ্বংস করে দিব ? নিশ্চয়ই এটি কারো কাম্য হতে পারে না। আশার কথা হলো পুলিশ সুপার এসব অপরাধের বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি নিজ কথা রক্ষা করতে পারলে জেলাবাসীর মনে উজ্জ্বলতা ছড়াবেন।
অপরাধমুক্ত সমাজের প্রত্যাশা হলো একটি উন্নত দেশ দেখার অভিপ্রায় জনিত নাগরিক আকাক্সক্ষা। অপরাধ-দুর্নীতির সাথে সহাবস্থান করে একটি দেশ কখনও প্রকৃত অর্থে উন্নতির শীর্ষে আরোহণ করতে পারে না। অপরাধ-দুর্নীতিকে সঙ্গে রেখে যে উন্নয়ন ঘটে তা হলো মাটির উপরে রঙের প্রলেপ লাগানোর মতো বিষয়। তাই আমরা যখন দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার ঘোষণা দিয়েছি তখন অবশ্যই আমাদেরকে অপরাধ-দুর্নীতি নির্মূলে নিরাপোস হতে হবে। এই লক্ষ্যে তীর-শিলং খেলা ও ইয়াবা নামক মাদক নির্মূলসহ সব ধরনের দুষ্ট প্রপঞ্চের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ কামনা করি সংশ্লিষ্ট মহলের।