স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌর শহরের নবীননগর এলাকায় বৃহস্পতিবার দুপুরে তুচ্ছ ঘটনা নিয়ে এক পক্ষের হামলায় ফারুক মিয়া (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বাড়ি শহরতলির মাইজবাড়ি গ্রামে। এ ঘটনায় রোমান মিয়া (২০) নামের আরেকজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে নবীনগর পয়েন্টে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, নবীনগর পয়েন্টে দুপুরে মাইজবাড়ি এলাকার ফজর আলীর ছেলে রোমান মিয়ার (২০) ইজিবাইকের সঙ্গে বনানীপাড়া এলাকার ঝুমন মিয়ার (২০) ইজিবাইকের ধাক্কা লাগে। এ নিয়ে দুই চালকের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে ঝুমন ফোন দিলে বনানীপাড়া থেকে আরও কয়েকজন যুবক রামদা, চাকু, লাঠি নিয়ে এসে রোমানের ওপর হামলা চালান। ফারুক মিয়াও ঘটনাস্থলে ছিলেন। এ সময় ছুরিকাঘাতে ঘটনাস্থলেই ফারুক মিয়া মারা যান। ছুকিকাঘাতে গুরুতর আহত রোমান মিয়াকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি ইখতিয়ার উদ্দিন জানান, ইজিবাইকের ধাক্কা লাগা নিয়ে দুই যুবকের প্রথমে কথা কাটাকাটি হয়। পরে হামলায় একজনের মৃত্যু হয়েছে। পুলিশ তিনজনকে আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।