স্টাফ রিপোর্টার, জামালগঞ্জ
সারা দেশে নৌকা প্রতীকের জয়জয়কার। আর সেই সুযোগে বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে উৎসুক নেতারা ভিড় জমাচ্ছেন। আওয়ামী লীগে গ্রুপিং আর কোন্দল থাকায় অনেক ইউনিয়নে প্রার্থী বাছাইয়ে বিভিন্ন ধরনের কৌশল নিচ্ছেন স্থানীয় নেতারা। সেই সুযোগে জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নে আওয়ামী লীগের দ্বিতীয় দফায় প্রার্থী বাছাই হয়েছে। ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য নূরু মিয়া একাধিক হত্যা মামলাসহ ১ ডজনের বেশী মামলার আসামী। তাঁর নামে জামালগঞ্জ থানায় দায়েরকৃত বিভিন্ন মামলা আদালতে বিচারাধীন আছেন। ইউপি সদস্য নূরু মিয়া বর্তমানে বিজ্ঞ আদালত থেকে জামিনে আছেন। মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের তৃণমুলের ভোটে নূরু মিয়া দলীয় মনোনয়নে বাছাই হলে ফেনারবাঁক ইউনিয়নসহ জামালগঞ্জ উপজেলা সদর ও সেলিমগঞ্জ এলাকায় আলোচনায় ঝড় উঠেছে। এলাকাবাসীর সকলের মুখে মুখে একটাই কথা, কী করে একাধিক হত্যা মামলার আসামীকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য বাছাই করা হয়েছে।
জামালগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ই সেটেম্বর ২০১১ ইংরেজী সনে ফেনারবাঁক ইউনিয়নের শরীপপুর গ্রামের লায়েছ মিয়া বাদী হয়ে নূরু মিয়াকে ২ নং আসামী করে জামালগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। শরীপপুর বৌলাই নদীর পাশে কিশোরগঞ্জের বাজিতপুরের নৌ শ্রমিককে হত্যার দায়ে নুরু মিয়াকে এই মামলায় আসামী করা হয়। গত ৩ সেপ্টেম্বর ২০১০ ইংরেজী সনে শরীপপুরের মুক্তিযোদ্ধা বাদী হয়ে নূরু মিয়াকে প্রধান আসামী করে আরেকটি হত্যা প্রচেষ্টা মামলা দায়ের করা হয়েছিলো, যা পরবর্তীতে বিজ্ঞ আদালতে অভিযোগ পত্র দায়ের হয়। গত ১৬ মে ২০০৫ ইংরেজীতে গোল আহমদ বাদী হয়ে নূরু মিয়াকে প্রধান আসামী করে অন্য একটি হত্যা প্রচেষ্টা মামলা দায়ের করেন । ২৫ শে সেপ্টেম্বর ২০১০ ইংরেজী শরীপপুর গ্রামের জাকির আহমদ বাদী হয়ে তার বিরুদ্ধে হত্যা প্রচেষ্টা মামলা দায়ের করা হয়, যা বর্তমানে আদালতে বিচারাধীন আছে। কালাগুজা গ্রামের শীতল মিয়ার পুত্র আবুল মিয়ার সেলিমগঞ্জের শুটকির গোদাম থেকে শুটকির মটকা চুরির অপরাধে জামালগঞ্জ থানায় তার বিরুদ্ধে চুরির মামলা দায়ের হয়েছিলো।
ফেনারবাঁকের ইউনিয়নে প্রার্থী বাছাইয়ে নূরুল হুদা চৌধুরী খোকনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক অজিত রায়ের সঞ্চালনায় বর্ধিত সভায় সমঝোতায় প্রার্থী বাছাই না হওয়ায় ভোটে প্রার্থী বাছাইয়ের সিদ্বান্ত হয়।
ফেনারবাঁক ইউনিয়ন আ.লীগের সভাপতি নূরুল হুদা চৌধুরী খোকন জানান, ‘নুরু মিয়াকে আমরা ভোটে দলীয় প্রার্থী নির্বাচিত করেছি, তার বিরুদ্ধে মামলা আছে কিনা আমার জানা নেই।’
থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, ফেনারবাঁক ইউপি সদস্য নূরু মিয়ার বিরুদ্ধে জামালগঞ্জ থানায় বিভিন্ন ধরনের মামলায় অভিযোগ পত্র দাখিল হয়েছিলো বর্তমানে বিজ্ঞ আদালতে মামলাগুলি বিচারাধীন আছে।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেন জানান, দলীয় প্রার্থী বাছাইয়ে উপজেলা কমিটির কোন হাত নেই, ওয়ার্ড ও ইউনিয়নের নেতারা ভোট দিয়ে দলীয় প্রার্থী মনোনীত হয়েছেন। কোন মামলা বা হত্যা মামলার আসামীকে মনোনয়নের বিষয়ে কোন নির্দেশনা নেই।