স্টাফ রিপোর্টার
‘সকলের জন্য শিল্প সংস্কৃতি’ শ্লোগানে অনুষ্ঠিত হয়েছে তৃণমূলের মানুষের জন্য শিল্প সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা অডিটরিয়ামে অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার তৃণমূলের চারজন অন্ধ বাউলসহ ৩০ জন বাউল ও দুইটি ধামাইল দলের শিল্পীরা রাত ৯ টা পর্যন্ত মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন।
এর আগে জেলা প্রশাসক দিদারে আলম মো. মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে ও জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরীর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপ পরিচালক এসএম শামীম আক্তার, বাংলাদেশ কলামিষ্ট ফোরামের সাংগঠনিক সম্পাদক মীর আব্দুল আলীম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল আবেদীন প্রমুখ।
আলোচনা সভার পর সংস্কৃতিকর্মী সামির পল্লবের সঞ্চালনায় বাউল সংগীত পরিবেশন করেন বাউল শিল্পী গোলাপ মিয়া, রিয়াজ উদ্দিন, আব্দুল গাফ্ফার, সুজিত বৈষ্ণব, সুরত মিয়া, ছানা গোপাল সরকার, দিলাল উদ্দিন, তছকির আলী, মছলন্দর আলী, জুবায়ের বখত শেবুল, হীরা মোহন দাস, চন্দন মিয়া, আমজাদ পাশা, রেহেনা বেগম, লাল শাহ, ব্রতচারী শিল্পী বিমান তালুকদার, কুমকুম চন্দসহ আরও অনেকেই।
অনুষ্ঠানে বৈষ্ণব কবি রাধারমন দত্তের কয়েকটি কালজয়ী ধামাইল গান পরিবেশন করেন দিরাইয়ের রনারচর গ্রামের নীপা তালুকদারের প্রজাপতি ধামাইল সংঘ ও সজনপুর গ্রামের বিউটি সরকারের পারিজাত ধামাইল সংঘ। এছাড়া জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরাও সংগীত পরিবেশন করেন।