স্টাফ রিপোর্টার
সদর উপজেলার সুরমা ইউনিয়নের তেরাপুর গ্রামে বাড়ির জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। রবিবার জেলা প্রশাসকের কাছে এই অভিযোগ দেন মৃত কাছম আলীর স্ত্রী করুনা বিবি।
অভিযোগে করুনা বিবি উলেখ করেন, তার বাড়ির ২৫ শতক জায়গার মধ্যে ১৭ শতক জায়গা জবর দখল করে নেয় অভিযুক্ত আব্দুল কাদির ও আলমাছ মিয়া। বর্তমানে তিনি ৮ শতক জায়গায় বসবাস করে আসছেন । ইদানিং বসত বাড়ির এই জায়গাটুকুও দখলে নেয়ার জন্য নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন অভিযুক্তরা। তিনি বলেন, ‘এইসব ব্যক্তি কয়েক দিন পর পর বাইরের লোকজন সঙ্গে নিয়ে আমার বাড়িতে উপস্থিত হয়ে আমাকে ও আমার সন্তানদের ভয়ভীতি দেখায় এবং প্রাণ নাশের হুমকি দেয়।’ এ ব্যাপারে গণ্যমান্য ব্যক্তিবর্গরাও সালিশের মাধ্যমে জায়গা উদ্ধার করতে পারেননি বলে জানান করুনা বিবি। তিনি সন্তানদের শান্তি ও নিরাপত্তা চেয়ে তার মালিকানাধীন বাড়ির জায়গা আইনানুগভাবে উদ্ধার করার আবেদন জানিয়েছেন জেলা প্রশাসক বরাবরে।
২১ মার্চ সন্ধ্যা সোয়া ৭টায় সুনামগঞ্জের খবর অফিস থেকে অভিযুক্ত আলমাছ মিয়ার সাথে মোবাইল ফোনে আলাপ করলে তিনি বলেন, ‘যে কেউ অভিযোগ দিলেই পত্রিকায় দিবেন না। আমরা এলাকায় এমন ঘটনা করিনি।’