- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সমাবেশ

স্টাফ রিপোর্টার
‘চলো চলো ঢাকা চল- রামপাল চুক্তি ছুড়ে ফেল, সুন্দরবন রক্ষা কর’ এই স্লোগানের ব্যানার নিয়ে বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জে পথসভা করেছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। রামপাল প্রকল্পসহ সুন্দরবন বিনাশী সকল অপতৎরতা বন্ধ এবং জাতীয় কমিটির ৭ দফা বাস্তবায়নের দাবিতে এবং ২৬ নভেম্বর ঢাকায়     
কেন্দ্রীয় শহীদ মিনারের মহাসমাবেশ সফল করার লক্ষে শহরের আলফাত স্কয়ারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা সিপিবি’র সভাপতি চিত্ত রঞ্জন তালুকদারের সভাপতিত্বে ও সুনামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক পুলক তালুকদারের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বাসদ নেতা উজ্জ্বল রায়, জেলা উদীচী’র সহ সাধারণ সম্পাদক অ্যাড. প্রসেনজিৎ দে, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি রইসুজ্জামান, সমাজতান্ত্রিক ছাত্রফন্ট সিলেট শাবি শাখার আহবায়ক অপু দে, সুনামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি দিপাল ভট্টাচার্য, সাধারণ সম্পাদক পুলক তালুকদার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ‘সুনামগঞ্জসহ দেশের ৭ টি পয়েন্ট থেকে  দেশপ্রেমিক প্রতিবাদী মানুষজন আজ ঢাকায় যাত্রা শুরু করেছেন। এই যাত্রা উপকূলীয় অঞ্চলের ৫ কোটি মানুষের জীবন নিরাপত্তা রক্ষা এবং মহাপ্রাণ সুন্দরবনকে বিদেশের লুটেরা গোষ্ঠীর হাত থেকে রক্ষার  জন্য।’
বক্তারা আরো বলেন, সারা বিশ্বে সৌর, বায়ু, বর্জ্য বিদ্যুৎ কয়লা বিদ্যুৎকে ছাড়িয়ে গেছে। এই নিরাপদ ও সূলভ বিদ্যুৎ উৎসকে বাংলাদেশেও বিদ্যুৎ উৎপাদনের মূলধারায় আনতে হবে।’
বক্তারা দাবি করেন, বিশ্বের এবং বাংলাদেশের একজন বিশেষজ্ঞ পাওয়া যাবে না, যিনি মনে করেন রামপাল বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনের ক্ষতি হবে না। শুধুমাত্র কোম্পানির স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিরাই এমন কথা বলেন।
বক্তারা-সুন্দরবন রক্ষার দাবিতে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ঢাকার সমাবেশে সকলকে যোগদান করার আহ্বান জানান।

  • [১]