স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে হাওরের ফসলহারা কৃষকদের জন্য সরকারি ত্রাণ সহায়তা বাড়ানো এবং বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন হাওরে ফসলহানির পর থেকে কৃষকদের পক্ষে সোচ্চার ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’ সংগঠনের নেতারা। শনিবার দুপুরে জেলার তাহিরপুর উপজেলার শনির হাওরপাড়ের পাঁচটি গ্রামের ফসলহারা কৃষকদের সঙ্গে মতবিনিময় ও ত্রাণ বিতরণকালে এই দাবি জানান তারা।
হাওরপাড়ের রামজীবনপুর গ্রামের মাঠে অনুষ্ঠিত
মতবিনিময় সভায় বক্তারা বলেন, সুনামগঞ্জের হাওর এলাকার ফসলহারা কৃষকেরা এখন পরিবার-পরিজন নিয়ে ভাতের কষ্টে আছেন। অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন তারা। অনেকেই কাজের সন্ধানে গ্রাম ছেড়েছেন। অথচ সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল ক্ষতিগ্রস্ত সকল কৃষক সহায়তা পাবেন। কিন্তু এখনো অর্ধেকের বেশি কৃষক সরকারি সহায়তার বাইরে আছেন। ক্ষতিগ্রস্ত সকল কৃষক পরিবারকে ত্রাণ সহায়তার আওতায় আনার দাবি জানান তারা।
সংগঠনের আহবায়ক মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন তাহিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, সংগঠনের যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সংগঠনের সদস্য মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর, বিকাশ রঞ্জন চৌধুরী ভানু, সুখেন্দু সেন, রুহুল আমিন, মাসুম হেলাল, গোলাম সরোয়ার, সালেহীন চৌধুরী, মাহমুদুর রহমান তারেক, রাজু আহমেদ, প্রদীপ পাল, মোখলেছুর রহমান প্রমুখ। পরে সংগঠনের উদ্যোগে যুক্ত্যরাজ্য প্রবাসী মো. মাসুক মিয়ার পক্ষ থেকে এলাকার দুইশ কৃষককে এক লাখ টাকা সহায়তা প্রদান করা হয়।