রুহুল তুহিন
থামাও প্রলয় ভয়ংকরী, থামাও প্রলয়।
তোমার দেখানো স্বপ্ন থেকে ঝরে পড়েছে বিবর্ণ মূল্যবোধ
রোহিঙ্গা রক্তের অমৃত নহরে পরিণত আজ
নাফের পাহাড়ী জল
ভোরের আলোর মতো নিষ্পাপ শিশুর
ভয়ার্ত কোমল মুখ
মনে হয় তোমার বিকৃত আত্মার মুখোশ
নারীর হারানো সম্ভ্রম তোমাকে প্রেতাত্মার
দেবী সাজিয়েছে
দায়হীন মৃত্যুর মিছিলে এখন তোমাকে মনে হয়
তুমি দানব ঈশ্বর
এ তোমার ভয়ংকর খেলা
থামাও প্রলয় ভয়ংকরী, থামাও প্রলয়।
স্বপ্নভাঙ্গা মানুষের রক্তে হাবুডুবু খাচ্ছে
শান্তির নোবেল
অসহায় মৃত্যু পদানত করেছে তোমার প্রশস্ত ললাট
সুমত্ত সুদেহী কিশোরের নি:শব্দ প্রয়াণ
আর্তনাদ হয়ে আছরে পড়ছে তোমার বিজিত বিবেক
পাপহীন শিশুর নির্বোধ চোখ বিপন্ন শান্তির ভাষা হয়ে
ছড়িয়ে পড়ছে বিশ্বময়
স্বজন হারানো মানুষের কান্না হয়ে উঠেছে নতুন
অজেয় সঙ্গীত।
ধর্মের লোলুপ আগুনে দাহিত আজ মানুষ জন্মবসত
তোমার প্রিয় করুনাশ্রিত গনতন্ত্র
এ তোমার পরাজয়।
আরাকান পুড়ছে মানুষ পুড়ছে পুড়ে যাচ্ছে
অহিংসার ধর্ম
পুড়ছে তোমার বিগত মূল্যবোধ
পুড়ছে শান্তির সোনালী পদক, আজন্ম লালিত স্বপ্ন।
পুড়া মানুষের কালো দেহ একদিন শান্তির পদক হবে
শিশুর করুণ মৃত্যু নয় সরল মায়াবী হাসি
ফিরে আসবে আবারো সোনালী পদক হয়ে
নারীর সম্ভ্রম কিংবা মানুষের নিরলস মৃত্যু
একদিন সোনালী পদক হবে
তখন জানবে তুমি
তুমি শুধুই তাদের একজন পদানত দাস
থামাও প্রলয় ভয়ংকরী, থামাও প্রলয়।