- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

থিয়েটার সুনামগঞ্জ’র বর্ষপূর্তি উদযাপন- জ্যোতিসংহিতা’য় মুগ্ধ দর্শক

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের হাওর এলাকার মুক্তিযুদ্ধ ও এক তরুণ যোদ্ধার বীরত্বগাথা নিয়ে নির্মিত নাটক ‘জ্যোতিসংহিতা’ মঞ্চস্থ হয়েছে সুনামগঞ্জে। শনিবার রাতে জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তেন হলভর্তি দর্শক নাটকটি দেখে মুগ্ধ হন।
মুক্তিযুদ্ধে সুনামগঞ্জ অঞ্চলে যুদ্ধে অংশ নেওয়া গেরিলা যোদ্ধা জগৎজ্যোতি দাসের জীবন-সংগ্রাম নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। নাটকে তুলে ধরা হয়েছে পাকিস্তানী শাসক গোষ্ঠীর শোষন-বঞ্চণা আর বৈষম্যের কাহিনি।
শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাসের জন্ম হবিগঞ্জ জেলায় হলেও তিনি সুনামগঞ্জ সরকারি কলেজের ছাত্র ছিলেন এবং মুক্তিযুদ্ধে সুনামগঞ্জ অঞ্চলে যুদ্ধে অংশ নেন। অসম সাহসী এই যোদ্ধা রণাঙ্গণে তরুণ যোদ্ধাদের নিয়ে গড়ে তুলেছিলেন দাসপার্টি। হাওর এলাকায় যুদ্ধ করতে করতেই তিনি দেশমাতৃকার জন্য জীবন উৎসর্গ করেন।
থিয়েটার সুনামগঞ্জ’র বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নাটকটি মঞ্চায়ন হয়। শনিবার ‘জ্যোতিসংহিতা’ নাটকটি হবিগঞ্জ জেলার জীবন সংকেত নাট্যগোষ্ঠীর ৩৫তম মঞ্চায়ন ছিল।
নাটক মঞ্চায়নের আগে থিয়েটার সুনামগঞ্জের বর্ষপূতির আলোচনা প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা পরিষদের   চেয়ারম্যান নুরুল হুদা মুকুট। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি দেওয়ান গিয়াস চৌধুরী।
মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুনামগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারের সাধারণ সম্পাদক অ্যাড. সালেহ আহমদ, হাসন রাজা ট্রাস্টের সভাপতি দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল আবেদীন, প্রথম আলোর সুনামগঞ্জ প্রতিনিধি অ্যাড. খলিল রহমান, জীবন সংকেত নাট্যগোষ্ঠীর সভাপতি অনিরুদ্ধ কুমার ধর শান্তনু, জ্যোতিসংহিতা নাটকের রচয়িতা রুমা মোদক। অনুষ্ঠানে সংগীত শিল্পী আশিককে সংবর্ধনা দেওয়া হয়। নাটক মঞ্চায়নের আগে থিয়েটার সুনামগঞ্জের সদস্যরা কোরিওগ্রাফি এবং শিল্পী আশিক সংগীত পরিবেশন করেন।

  • [১]