- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে ত্রাণ বিতরণে অর্থ গ্রহণের বিচার কাম্য

মধ্যপ্রাচ্যভিত্তিক একটি দাতব্য সংস্থার ত্রাণসামগ্রী বিতরণের তালিকা তৈরিতে জনপ্রতি ৫ শ’ টাকা করে গ্রহণের অভিযোগ এনেছেন তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ত্রাণগ্রহীতারা। ওই ইউনিয়নে কাতার চ্যারিটেবল ট্রাস্টের ত্রাণসামগ্রী প্রাপ্যতার তালিকা প্রস্তুতকালে ওই ইউনিয়নের ২৯৬ জন ত্রাণগ্রহীতা গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের নিকট সরাসরি অভিযোগ উত্থাপন করেন। তাদের অভিযোগ ইউপি চেয়ারম্যানের নাম করে তাদের নিকট থেকে জনপ্রতি ৫ শ’ টাকা করে উৎকোচ নিয়েছেন জনৈক নারী সদস্য এবং আরও কয়েকজন। এই ঘটনায় ভুক্তভোগীরা অভিযুক্ত ইউপি চেয়ারম্যানের বাড়ি ঘেরাও এবং ইউপি সদস্যার স্বামীকে মারধর করে আটক করে রাখার সংবাদ পাওয়া গেছে। উল্লেখ্য কাতার চ্যারিটেবল ট্রাস্ট তাহিরপুর উপজেলার পাঁচ ইউনিয়নে ত্রাণ বিতরণের জন্য চেয়ারম্যানদের নিকট থেকে তালিকা সংগ্রহ করে। দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রতিটি ওয়ার্ডকে বিবেচনায় না নিয়ে শুধুমাত্র ১,২ ও ৩ নং ওয়ার্ড থেকে তালিকা করে পাঠান। বলাবাহুল্য তালিকা তৈরিকালে তিনি লোকমারফত উৎকোচ সংগ্রহ করে নাম উঠিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসারের নিকট সরাসরি ভুক্তভোগীরা অভিযোগ জানালেও তিনি লিখিত অভিযোগ পাওয়াসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন বলে বক্তব্য দিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসারের এই বক্তব্য আমাদের নিকট যুক্তিসংগত মনে হয় নি। গ্রামের দরিদ্র মানুষরা যখন সংক্ষুব্ধ হয়ে স্বয়ং তাঁর নিকট অভিযোগ করেছেন তখন কেন তিনি লিখিত অভিযোগের কথা তুলছেন? একথা বলে তিনি কি দুর্নীতিবাজ ইউপি চেয়ারম্যান ও সদস্যাকে বাঁচানোর চেষ্টা করছেন? আমরা আশা করব উত্থিত অভিযোগের উপর কোনধরনের তালবাহানা না করে ব্যবস্থা গ্রহণ করবেন। ফসলহারা মানুষের নামে বিদেশ থেকে আসা ত্রাণ বণ্টনের সময় টাকা আদায় করার ঘৃণ্য অপরাধকে প্রশ্রয় দিলে মানবতা ও নৈতিকতা পরাজিত হবে। উপজেলা নির্বাহী অফিসার নিশ্চয়ই ওই দায় নিতে চাইবেন না।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের যে চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি ধারাবাহিকভাবে দ্বিতীয়বারের নির্বাচিত জনপ্রতিনিধি। দুই দুইবার ইউনিয়নবাসী তাঁকে চেয়ারম্যানের আসনে বসিয়ে সম্মানিত করেছে নিশ্চয়ই তাদের অভাব নিয়ে দুর্নীতি করার জন্য নয়। স্পষ্টতই ওই চেয়ারম্যান জনগণের প্রতি তার অঙ্গীকার ভঙ্গ করেছেন এবং দেশের প্রচলিত আইন অনুসারে শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তার সাথে জনৈক ইউপি সদস্যাসহ আরও যারা অপকর্মে জড়িত ছিলেন তাদের অপরাধও সমগোত্রীয়। এই অপরাধীরা যাতে যথাযোগ্য শাস্তি পান সেটি সকলের কাম্য।  ত্রাণ বিতরণের সাথে একটি বিদেশি দাতব্য সংস্থা জড়িত থাকার কারণে অভিযোগের বিচার করা আরও জরুরি। নতুবা বিদেশি সংস্থার নিকট আমাদের জাতীয় ভাবমূর্তি নষ্ট হবে। অভিযোগ উঠায় ভাবমূর্তি ইতোমধ্যে নষ্ট হয়েছে। যথাযথ প্রক্রিয়ায় বিচারিক ব্যবস্থা নিলে নষ্ট হয়ে পড়া ভাবমূর্তির কিছুটা উদ্ধার হবে এই যা।
ত্রাণ, ভিজিএফ ও ওএমএস নিয়ে নানা জায়গায় বিভিন্ন ধরনের অভিযোগ উঠছে প্রতিনিয়ত। মানুষের দুর্ভোগ নিয়ে দুর্নীতির এক মহোৎসব শুরু হয়েছে যেন জেলাজুরে। দুর্নীতির এই মহোৎসবকে যেকোন মূল্যে বন্ধ করতে হবে। এজন্য আইনের যথাযথ প্রয়োগ অপরিহার্য। দুর্নীতিবাজদের শাস্তি হলে নতুন দুর্নীতি ঘটাতে দশবার চিন্তা করবে । আর যদি প্রচলিত রাজনৈতিক বা অন্যবিধ কানেকশনের কারণে দুর্নীতিবাজরা রেহাই পেয়ে যায় তাহলে বাঁধ দুর্নীতির মতোই ত্রাণ দুর্নীতি নতুন রেকর্ড গড়বে। এই ধরনের নেতিবাচক রেকর্ড হোক তা কামনা করেন না দেশের কোন মানুষ। দেশের মানুষের এই চাওয়া অরণ্যে রোদনে পর্যবসিত যাতে না হয় সেজন্য আমরা প্রশাসনিক কর্তৃপক্ষের নিকট দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের উত্থাপিত দুর্নীতির অভিযোগটির তদন্তানুসারে সুবিচার কামনা করি।  

  • [১]